ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুরে নদীতে নিখোঁজের আলদা ঘটনায় এক শিশু ও কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে খেলতে গিয়ে বাড়ির পাশের মালিঝি নদীতে পড়ে নিখোঁজ হয় মরিয়ম আক্তার (৫)। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে নদী থেকে মরিয়মের মরদেহ দেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের হারেজ আলীর মেয়ে।
ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে জেলার গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মুকরামিন হাসান (২৩)। তিনি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
তার স্বজনরা জানান, বুধবার বিকাল ৪ টার দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয় মুকরামিন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে তার মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।


