নদী-খাল রক্ষায় বিন্না ঘাস ব্যবহারে জোর

নদী-খাল রক্ষায় বিন্না ঘাস ব্যবহারে জোর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
Advertisement
Advertisement

দেশের নদী ও খালের পাড় সুরক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বিষয়ক এক সভায় এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ শরিফুল ইসলাম একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল ও হাওরের সড়ক এবং সড়ক ও রেললাইনের পাশের ঢাল রক্ষায় কংক্রিট ব্লক ও জিও ব্লকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও টেকসই বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়।

উপস্থাপনায় বলা হয়, নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাস কার্যকর, কম ব্যয়বহুল এবং পরিবেশসম্মত একটি সমাধান হতে পারে। দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এর ব্যবহার ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। বিষয়টি বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের সম্ভাবনাও সভায় আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad