পাবনার ঈশ্বরদীতে চাচাতো ভাইয়ের গুলিতে এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। তার নাম বীরু মোল্লা (৪৮)। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
বুধবার সকালে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে তাকে হত্যা করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। এ বিষয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে যান।
একপর্যায়ে তারা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি ছুড়ে বীরু মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজনকে চলে যেতে হুমকি দেন।
এরপরও তারা সরে না যাওয়ায় জহুরুল মোল্লা ফের গুলি ছুড়লে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।


