স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক এবারের ঈদের অঙ্গীকার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার নিজের নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সহ দেশবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন।
শুভেচ্ছা বার্তায় মন্ত্রী দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।
তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে।


