আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে থানা বা ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের (এনভিআর) সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে।
এ ছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের কাজে সম্পৃক্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসারদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।
যেসব তথ্য পাঠাতে হবে তার মধ্যে রয়েছে—সিসি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বর এবং প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসারদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।


