চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সবচেয়ে বড় কনটেইনার পরিচালনাকারী টার্মিনাল নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) গত মে মাসে পরিচালনার ইতিহাসে সর্বোচ্চ মাসিক কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে।
বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের মে মাসে এনসিটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউ (টুয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর মাধ্যমে টার্মিনালটি পূর্ববর্তী সব মাসিক রেকর্ড অতিক্রম করে নতুন মাইলফলক স্থাপন করেছে।
বর্তমানে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণে এনসিটি পরিচালনা করছে। মে মাসজুড়ে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
মোট হ্যান্ডলিং হওয়া কনটেইনারের মধ্যে ৫৯ হাজার ৮৫১ টিইইউ ছিল আমদানি কনটেইনার এবং ৬৬ হাজার ৬৪৫ টিইইউ ছিল রপ্তানি কনটেইনার। যা আমদানি ও রপ্তানি উভয় বাণিজ্য কার্যক্রমেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রতিফলন ঘটায়।
চট্টগ্রাম বন্দরের প্রধান জনবল কর্মকর্তা নাসির উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৭ জুলাই সিডিডিএল এনসিটির পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালটির কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জাহাজ পরিচালনা, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রোচ চ্যানেল এবং সি-গেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে উন্নত তদারকি ও সমন্বয়ের ফলে দক্ষতা বেড়েছে এবং জাহাজে পণ্য ওঠানো-নামানোর সময় কমেছে।
এর আগে, ২০২৫ সালের অক্টোবরে এনসিটিতে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে মাসিক সর্বোচ্চ রেকর্ড গড়া হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই রেকর্ড ভেঙে নতুন সর্বোচ্চ অর্জন হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সিডিডিএলের চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং পেশাদারত্বের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তাদের মতে, এই অর্জন দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা আরও শক্তিশালী করবে, বৈদেশিক বাণিজ্য সহজতর করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে তিনটি টার্মিনালের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে এনসিটি প্রধান কনটেইনার টার্মিনাল হিসেবে কাজ করছে। এছাড়া চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থেও (জিসিবি) কনটেইনারবাহী জাহাজ পরিচালিত হয়।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনালে মোট ৩৪ লাখ ১০ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। উল্লেখ্য, বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনা করছে সৌদি আরবভিত্তিক টার্মিনাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল।


