ঈদুল আযহার আর মাত্র এক দিন বাকি। এখন পর্যন্ত ১০টি সিনেমা ঈদে আসবে বলে ঘোষণা দিয়েছে। তবে শেষ পর্যন্ত ৬-৭টির বেশি সিনেমা মুক্তি পাবে না বলে জানা গেছে। হল মালিকরা আশা করছেন, একাধিক আলোচিত সিনেমা মুক্তি পেলে দীর্ঘদিন পর আবারও প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বাড়বে। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে ঈদের সিনেমার জন্য বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
রকস্টার
ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান অভিনীত রকস্টার। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে প্রথম প্রচারণা পোস্টার প্রকাশিত হয় এবং পরে অফিসিয়াল টিজারও আসে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে।
রইদ
‘হাওয়া’খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও টুটুল ফকির। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামের গল্পে নির্মিত সিনেমাটির তিনটি গানও প্রকাশ হয়েছে।
মালিক
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ পরিচালনা করেছেন সাইফ চন্দন। সিনেমা টি মায়ের সম্মান রক্ষার লড়াইয়ে এক যুবকের অপরাধজগতে উত্থানের গল্পে নির্মিত।
মাসুদ রানা
সৈকত নাসির পরিচালিত এবং ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মাসুদ রানা’-তে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরি। কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট ‘মাসুদ রানা’-কে বড় পর্দায় আনার এই প্রচেষ্টা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।
বনলতা সেন
সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। কবি জীবনানন্দ দাশের কবিতার জগৎকে বাস্তবতা ও রূপকের মিশেলে উপস্থাপন করেছেন। এতে বনলতা চরিত্রে আছেন মাসুমা রহমান নাবিলা এবং কবির চরিত্রে খাইরুল বাশার। টিজার, ট্রেলার ও গান প্রকাশ হলেও মুক্তির চূড়ান্ত ঘোষণা আসেনি।
‘নাকফুলের কাব্য’ ও ‘পিনিক’
পূজা চেরি-আদর আজাদ অভিনীত ‘নাকফুলের কাব্য’ ও শবনম বুবলি-আদর আজাদ জুটির ‘পিনিক’—দুটি সিনেমা ই আগে মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়ে গেছে। শেষ পর্যন্ত ঈদে না আসার সম্ভাবনা রয়েছে সিনেমা দুটির।
‘তছনছ’, ‘অফিসার’ ও ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ ও ‘অফিসার’ এবং আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’—তিনটি সিনেমা ই তালিকায় আছে। তবে প্রচারণার মাত্রা তুলনামূলকভাবে কম।


