নির্বাচনের পর পরই রমজানে অমর একুশের বইমেলা আয়োজনের বিরোধিতা করেছেন ৩২১ জন সৃজনশীল প্রকাশক। রোববার এক বিবৃতিতে তারা বাংলা একাডেমির সিদ্ধান্তকে ‘বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে ঈদের পরে বইমেলা আয়োজনের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনের পরপরই রোজা শুরু হয়ে যাওয়ায় যানজটের মধ্যে পাঠকরা মেলায় আসবেন না। মেলা মানেই যেখানে উৎসবের আমেজ, সেখানে পাঠকশূন্য মেলা আয়োজনের কোনো মানে হয় না। এতে প্রকাশনা শিল্প এক চরম অনিশ্চয়তার মুখে পড়বে।
প্রকাশকরা আরও জানান, মেলার স্টলগুলোতে সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেন। সারাদিন রোজা রেখে দীর্ঘ সময় তাদের দিয়ে কাজ করানো অমানবিক। এছাড়া গত দেড় বছরের ব্যবসায়িক মন্দার কারণে প্রকাশকরা এখন বড় ধরনের আর্থিক ঝুঁকিতে আছেন। এমন পরিস্থিতিতে লোকসানের ভয় মাথায় নিয়ে মেলায় অংশ নেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বাংলা একাডেমি এপ্রিলের ঝড়-বৃষ্টির আশঙ্কায় ফেব্রুয়ারিতেই মেলা করার যে যুক্তি দিচ্ছে, তার জবাবে প্রকাশকরা বলেন, তারা প্রকৃতির দুর্যোগ সইতেও রাজি। কিন্তু রমজানের কারণে মেলায় যে নিশ্চিত ব্যবসায়িক ক্ষতি হবে, তা তারা মানতে পারবেন না।
বিবৃতিদাতা প্রকাশকগণ ঈদের পরে বইমেলা আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।


