বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি। এরমধ্য দিয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হলো।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা।’
শহীদ জিয়ার সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করার শপথ নিতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান।


এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান।
মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬ টি স্পটে গরীব ও দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।


