কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে আবারও ছয় জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।
বুধবার ভোরে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে শুক্রবার দুপুরে জানান হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু।
স্থানীয় জেলেরা জানান, হঠাৎ কয়েকজন অস্ত্রধারী লোক ওই নৌকায় ওঠে এবং সবাইকে নামিয়ে নিয়ে যায়। এতে সীমান্তপথে মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘ঝিমংখালী নাফ নদ সংলগ্ন এলাকায় দুটি মাছ ধরার নৌকা থামিয়ে ছয়জনকে তুলে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা এবং চারজন রোহিঙ্গা নাগরিক।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম জানান, ভুক্তভোগী পরিবারের কেউ এখনো প্রশাসনের কাছে অভিযোগ করেনি। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, মিয়ানমারভিক্তিক সংবাদ মাধ্যম আরাকান গ্লোবাল নেটওয়ার্ক নিউজ দাবি করেছে, নিজেদের আঞ্চলিক জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশ ও অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স ওইদিনই পৃথক অভিযান চালায়। এ সময় আরও ছয়জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
তারা জানিয়েছে, সামুদ্রিক ও নিরাপত্তা আইনে আটক জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত নয় মাসে নাফ নদী ও সেন্টমার্টিন উপকূল সংলগ্ন জলসীমা থেকে কমপক্ষে ৩৬৬ জেলেকে অপহরণ করা হয়েছে। বিজিবির সহায়তায় গত মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় ২০০ জেলে ফেরত দেওয়া হয়। তবে, এখন পর্যন্ত ১৬৬ জন জেলের নিখোঁজ মেলেনি।


