রাজধানী ঢাকার শ্যামপুর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জানান, সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অজিত বাবু পুরান ঢাকার বাংলা বাজার এলাকায় থাকতেন। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এসআই দীপক কুমার আরও জানান, ঘটনার পরপরই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাক মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।


