ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের জীবনমান উন্নয়নে মন্ত্রণালয়ের কার্যক্রম জোরদার করা হবে এবং চলমান কোনো প্রকল্প বন্ধ করা হবে না।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন। সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। অল্প সময়ের মধ্যে অনিয়ম দূর করে সুশাসন নিশ্চিত করার প্রস্তুতি নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচনী ম্যান্ডেট বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঈদের আগেই প্রাথমিক পর্যায়ে তা শুরু হবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে এবং প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি। উন্নয়ন প্রকল্প যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে জনগণের উপকারে আসে–সেভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, সময় সীমিত হলেও নির্ধারিত বাজেটের মধ্যেই কার্যকর উন্নয়ন নিশ্চিত করতে হবে। সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।


