আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পটুয়াখালী ও বরগুনা জেলায় সামগ্রিক নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮। ঘরমুখো মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট, ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পশুর হাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে, কোরবানির পশু কেনাবেচাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে কোনো ধরনের অপরাধ, প্রতারণা কিংবা চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে র্যাবের আভিযানিক দল। হাটগুলোতে পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশুর হাটে জাল টাকা লেনদেন প্রতিরোধে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের সময় সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র্যাব।
ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের সড়ক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কৌশলগত পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিশেষ করে ছিনতাইকারী চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে নিয়মিত টহল ও কড়া নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন মার্কেট, বিপণিবিতান এবং প্রধান প্রধান ঈদগাহগুলোতেও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


