ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন। এবার তিনি অতিথি হিসেবেই নয়, নিউইয়র্কভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ‘ঠিকানা’তে ‘হেড অব এন্টারটেইনমেন্ট’ বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে এই সংবাদমাধ্যমেই জায়েদ নিজের প্রতিভা দেখিয়েছিলেন ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-র মাধ্যমে। প্রথম সিজনে মোট ১২টি এপিসোডে বাংলাদেশের বিভিন্ন তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং জায়েদের সাবলীল উপস্থাপনা ও তারকাদের সঙ্গে আড্ডা ভিডিওগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শোটি প্রথম সিজনে ৫ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে।
শো-এর সাফল্য প্রসঙ্গে জায়েদ খান বলেন, “আমরা কত ভিউ পেয়েছি সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং দর্শকদের ভালোবাসা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
এবার নতুন দায়িত্বে বসে জায়েদ বলেন, “ঠিকানা নিউজে আরও অনেক ধামাকা আসছে। আর তাই আমি বিনোদন বিভাগের দায়িত্ব নিতে রাজি হয়েছি।”
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার কারণে তিনি দেশে ফেরেননি। মাতৃভূমিতে ফেরার ইচ্ছে থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেই তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু।
এ প্রসঙ্গে বলা যায়, দেশের জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ইতিমধ্যেই ঠিকানা নিউজের সঙ্গে যুক্ত রয়েছেন, এবার জায়েদ খান তার সহকর্মী হিসেবে বিনোদন বিভাগ সামলাবেন।


