নির্বাচন পরিচালনার সক্ষমতা ইসির রয়েছে বলে বিশ্বাস করি: ফখরুল

নির্বাচন পরিচালনার সক্ষমতা ইসির রয়েছে বলে বিশ্বাস করি: ফখরুল
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ফখরুলসহ অন্যান্য বিএনপি নেতাকর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে বলে আশ্বস্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন নির্বাচন যোগ্যতার সঙ্গে পরিচালনা করার সক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) আছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ যখন তলাবিহীন ঝুড়ি নামে অভিহিত হয়েছিল, তখন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সংবাদপত্র, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এ জন্য আমরা তাকে প্রতি বছর স্মরণ করি এবং তার দেখানো পথে সামনের দিকে এগিয়ে যাই।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা এসেছে এবং “ফ্যাসিস্ট হাসিনা” পালিয়ে গেছে। এখন নতুন করে আবার দেশের ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে গড়তে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা এখানে শপথ নিয়েছি। এর মাধ্যমে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করবে।’

আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা যা যা সমস্যা মনে করেছি, সেগুলো ইসির কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। আমরা এখন পর্যন্ত দেখেছি, ইসি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে।’

বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘মনোনয়ন যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার নয়।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad