বরিশালের হিজলা উপজেলায় নৌকা থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে হিজলা থানা নৌ পুলিশ।
রোববার রাত ৩টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন স্থানীয় মাছঘাট এলাকার একটি নৌকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌকাটি জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী মো. জালাল রাঢ়ী জানান, রাত ১২টার দিকে তিনি ও তার ছেলে মাছ শিকার শেষে নদীর ঘাটে ফিরছিলেন। এ সময় নদীর বাঁধের বস্তার ওপর একজন লোককে বসে থাকতে দেখেন। টর্চলাইটের আলো ফেললে দেখতে পান ওই ব্যক্তির গলা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। এ দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে কী হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। ওই সময় যুবকটি জীবিত ছিল বলে তার ধারণা।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল জানান, স্থানীয়দের ফোনের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহত যুবকের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।
পরিচয় শনাক্তের জন্য বরিশাল থেকে সিআইডির একটি টিম আসছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


