বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার সন্ধ্যায় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে এই নিয়োগের বিষয়টি জানায় কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমকে নিয়োগ প্রদান করা হলো।
এই চিঠির আগে একই দিনে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জুবায়দুর রহমান।
খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।
খুরশীদ আলম ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষিঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


