ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হওয়ায় ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস অফিসিয়াল এক্স পোস্টে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘হামাস জিম্মি মুক্তিতে রাজি হওয়ায় ইসারায়েলের উচিত হবে গাজায় বোমা বর্ষণ বন্ধ করা। এর মাধ্যমে জিম্মিদের নিরাপদে মুক্তি সম্ভব।’
‘শুধু তা-ই নয়, এর সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রশ্নও জড়িত,’ বলেন তিনি।
বিবিসির লাইভ নিউজে বলা হয়, হামাস জানিয়েছে, তারা বাকি সকল ইসরায়েলি জিম্মিকেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে; তবে তারা যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনায় নির্দিষ্ট কিছু বিষয়ে আরও আলোচনা চায়।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা গ্রহণে হামাসকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। রোববার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা) মধ্যে চুক্তি না হলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘এটি শেষ সুযোগ। যদি সমঝোতা না হয়, তবে হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে যা কেউ আগে কখনো দেখেনি। একভাবে বা অন্যভাবে মধ্যপ্রাচ্যে শান্তি আসবেই।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ঘোষিত এই ২০ দফা পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মি মুক্তি এবং নিহতদের মরদেহ ৭২ ঘণ্টার মধ্যে হস্তান্তরের কথা বলা হয়েছে। এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল।
কূটনৈতিক সূত্র বলছে, আরব ও তুরস্কের মধ্যস্থতাকারীরা হামাসকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে। তবে হামাসের সামরিক শাখার প্রধান নতুন মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন। কাতারে অবস্থানরত রাজনৈতিক নেতৃত্ব আংশিক সংশোধন সাপেক্ষে সমর্থন জানাতে আগ্রহী হলেও, তাদের হাতে জিম্মিদের নিয়ন্ত্রণ নেই।
পরিকল্পনার একটি বড় শর্ত হলো, যুদ্ধবিরতির প্রথম ৭২ ঘণ্টায় সব জিম্মিকে ছেড়ে দিতে হবে। হামাসের অনেকে এটিকে নিজেদের একমাত্র চাপ প্রয়োগের কৌশল হারানো হিসেবে দেখছে।
ধারণা করা হচ্ছে, গাজায় বন্দি মোট ৪৮ জনের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসে সোমবার ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ ঘোষণায় জানানো হয়, হামাসকে গাজা শাসনে কোনো ভূমিকায় রাখা হবে না। তবে ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা খোলা থাকবে।


