র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার নামে থাকা সব ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের আবেদন আমলে নিয়ে এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল অস্থাবর সম্পদের তথ্য পাওয়ায় এবং সম্পদ অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কায় ওয়ান ব্যাংকের বিভিন্ন মেয়াদি আমানত ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রসহ প্রায় ৬৪ লাখ টাকার বেশি সম্পদ অবরুদ্ধের আবেদন করা হয়েছে।


