বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’
জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানা শাখার উদ্যোগে বুধবার সন্ধ্যায় মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘জীবনের বিনিময়ে আমাদের কর্মীরা ভোট করতে চাইনি তাই অনেকে কেন্দ্র ছেড়ে চলে গেছেন। কিন্তু আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব।’
তিনি বলেন, ‘আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব। আপনাদের অধিকার আদায় করে ছাড়ব।’
দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজি বন্ধে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষণা করা ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের মৃতদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতিকে অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।


