[live_update time=”রাত ১০.৫৮” title=”খামেনির ছেলে ‘গ্রহণযোগ্য’ নয়, ইরানের নতুন নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা চান ট্রাম্প”]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকা উচিত।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি নতুন কোনো উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে, তবে তারা কেবল “সময় নষ্ট” করবে।’
তিনি স্বীকার করেন, নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমি এই ফলাফল মেনে নেব না।’
ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন ব্যাক্তিত্বহীন ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে।’
তিনি আরও বলেন, আগের নেতৃত্বের নীতি অনুসরণ করবেন এমন কোনো নতুন ইরানি নেতাকেও তিনি গ্রহণ করবেন না। এমনটা হলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে চাই যে ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবে।’
সূত্র: আল জাজিরা।
[/live_update]
[live_update time=”রাত ১০.৩৭” title=”দ্রুত ইরানের ক্ষমতা হস্তান্তরের দাবি রেজা পাহলভির”]
ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি ইরানের শাসনভার অবিলম্বে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

এক্সে তিনি বলেছেন, আলি খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তার স্থলাভিষিক্ত যেই হোক না কেন, তার বৈধতা থাকবে না।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ১০.০৯” title=”ইরান যুদ্ধের প্রভাব: ৫ শতাংশের বেশি বেড়েছে মার্কিন তেলের দাম”]
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। লেনদেনে মার্কিন তেলের বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’-এর দাম ৫ শতাংশেরও বেশি বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৮ ডলারে পৌঁছেছে, যা গত বছরের জানুয়ারির পর সর্বোচ্চ।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্রেন্ট নর্থ সি’ অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এটি ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়ে বিশ্বের কেনাবেচা হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে রপ্তানি করা হয়।
বিশ্বের প্রতিদিনের তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়।
[/live_update]
[live_update time=”রাত ১০.৫৮” title=”ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১০০ ছাড়াল”]
লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
এর মধ্যেই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ।
লেবাননের সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৩৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেছে মন্ত্রণালয়।
এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টরমিচ হুমকি দিয়ে বলেছেন, ‘খুব শিগগিরই দাহিয়েহ এলাকা খান ইউনিসে পরিণত হবে।’
দাহিয়েহ বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকা। সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আর খান ইউনিস হলো ফিলিস্তিনের গাজা সিটির দক্ষিণাঞ্চলের একটি এলাকা। যুদ্ধবিরতির আগে গাজাজুড়ে প্রায় দুই বছরে ধরে ইসরায়েল হামলা চালায়। এতে গাজাসহ খান ইউনিসে ধ্বংস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ০৯.৫০” title=”লেবাননে হামাস কমান্ডারকে ‘হত্যা’ করেছে ইসরায়েল”]
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে হামাসের একজন কমান্ডার ওয়াসিম আত্তাল্লাহ আলিকে লক্ষ্যবস্তু করে হত্যা করেছে। খবর আল জাজিরার।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনী আলিকে হত্যার জন্য দায়ী এবং তার বিরুদ্ধে হামাসযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, আল জাজিরা জানিয়েছে, লেবাননে ইসরায়েল হামলার পরিধি বাড়িয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বৈরুতের দক্ষিণ শহরের বাসিন্দাদের আগেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল; তখন তারা বিপদ এড়াতে ত্রিপোলির দিকে সরে যাচ্ছিল।
[/live_update]
[live_update time=”রাত ০৯.৩৫” title=”উপসাগরীয় অঞ্চলে আটকা ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী: আইএমও”]
যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার ক্রুজ শিপ যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থা (আইএমও)।
সংবাদ সংস্থা এএফপিকে আইএমও এ তথ্য জানিয়েছে। সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, ‘আক্রান্ত নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে আইএমও সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ওই অঞ্চলে জাহাজে হামলা সংক্রান্ত সাতটি ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে দুজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
ডোমিঙ্গুয়েজ বলেন, ‘এই উদ্বেগজনক হামলার অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি একটি মানবিক সংকটও সৃষ্টি হয়েছে। নিরপরাধ নাবিকদের ওপর কোনো আক্রমণই গ্রহণযোগ্য নয়। আমি আবারো সব শিপিং কোম্পানিকে এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।’
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ০৯.১৮” title=”ইরানের স্বাস্থ্যকেন্দ্রে হামলায় ৪ চিকিৎসক নিহত”]
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ইরানে স্বাস্থ্য অবকাঠামোর ওপর ১৩টি হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এসব হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি কাউকে সরাসরি দায়ী না করে বলেন, ‘ডব্লিউএইচও ইরানে স্বাস্থ্যসেবার ওপর ১৩টি এবং লেবাননে একটি হামলার সত্যতা নিশ্চিত করেছে।’

একই ব্রিফিংয়ে সংস্থাটির পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বলখি জানান, ইরানে চারটি অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাছাকাছি এলাকায় হামলার কারণে হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এ হামলার কারণে তেহরানের একটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
সূত্র: রয়টার্স
[/live_update]
[live_update time=”রাত ০৯.০০” title=”যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের ১১ হাসপাতাল ক্ষতিগ্রস্ত”]
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ১১টি হাসপাতাল, সাতটি জরুরি সেবা কেন্দ্র, নয়টি অ্যাম্বুলেন্স এবং আরও চারটি চিকিৎসা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইরানে স্বাস্থ্যসেবার ওপর ১৩টি হামলার সত্যতা নিশ্চিত করেছিল।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”রাত ০৮.৩৭” title=”মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের”]
একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, দুই আসনবিশিষ্ট ওই যুদ্ধবিমানকে ‘টার্গেট করে ভূপাতিত করা হয়েছে’। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা উল্লেখ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবিকে অস্বীকার করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক এক্স পোস্টে জানিয়েছে, ‘বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই বিধ্বস্ত হওয়ার বিষয়ে সামাজিকমাধ্যমে ছড়ানো গুজব ভিত্তিহীন এবং অসত্য।’
[/live_update]
[live_update time=”রাত ০৮.২১” title=”জীবন বাঁচাতে ঘরবাড়ি খালি করুন: ইসরায়েল”]
ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে। তাদের লেবাননের রাজধানীর উত্তর ও পূর্ব দিকে সরে যেতে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এক্সে লিখেছেন, ‘নিজের জীবন বাঁচান, অবিলম্বে ঘরবাড়ি খালি করুন।’ তিনি বৈরুত বিমানবন্দরের সংলগ্ন দক্ষিণ শহরতলির চারটি এলাকা চিহ্নিত করে একটি মানচিত্রও প্রকাশ করেছেন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সোমবার হিজবুল্লাহ সক্রিয় হওয়ার পর লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। তারা বৈরুতের দক্ষিণ শহরতলি, দক্ষিণ লেবানন ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।
[/live_update]
[live_update time=”রাত ০৮.০৪” title=”চুপ থাকলে ইইউ দেশগুলোকে মূল্য দিতে হবে: ইরান”]
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নীরব থাকলে আগে বা পরে হোক এর মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইসমাইল বাঘাই।
বৃহস্পতিবার স্পেনের সম্প্রচার মাধ্যম টিভিইকে তিনি এ কথা বলেন।

তুরস্কের আকাশে বাধাপ্রাপ্ত হওয়া মিসাইলটি ইরান থেকে ছোড়া হয়েছে, এমন দাবিও তিনি অস্বীকার করেছেন।
এর আগে, তুরস্ক দাবি করে, দেশটির আকাশসীমায় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.৫৭” title=”ইরানের দুটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা”]
ইরানের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে হামলায় কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের আধা-সরকারি ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র তেহরানের দক্ষিণ-পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে আঘাত হেনেছে।
এ ঘটনায় একটি শ্রেণিকক্ষ ধ্বংস হয় এবং ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। হামলার কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। ওই হামলায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.৫১” title=”কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ফের হামলা ইরানের”]
কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর এ ড্রোন হামলা চালানো হয়। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে, কুয়েতে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান।
হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন, এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.৪২” title=”ইরান সংকট কয়েক মাস চলতে পারে: ব্রিটিশ মন্ত্রী”]
যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টে বলেছেন, ইরান সংকট কয়েক মাস ধরে চলার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটি কোনো কয়েক দিনের সংকট নয়, বরং কয়েক সপ্তাহ এবং সম্ভবত কয়েক মাসের সংকট হতে পারে।’
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.৩২” title=”ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে নিহতের সংখ্যা কত?”]
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে বিভিন্ন দেশে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহতদের সংখ্যা নিচে তুলে ধরা হলো।
- ইরান: অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার মিনাব শহরের একটি স্কুলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও কর্মী প্রাণ হারিয়েছেন।
- লেবানন: গত সোমবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।
- ইসরায়েল: মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে রোববার বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নয়জনের মৃত্যু হয়।
- যুক্তরাষ্ট্র: এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছয় সেনাসদস্য নিহত হয়েছেন।
- কুয়েত: ইরানি হামলায় চারজন নিহত হয়েছেন, যার মধ্যে দুজন কুয়েতি সেনাসদস্য।
- আরব আমিরাত: মোট তিনজন নিহত হয়েছেন।
- বাহরাইন: ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লাগার ঘটনায় একজন নিহত হয়েছেন।
- ওমান: ওমান উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি পণ্যবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় একজন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৭.১৮” title=”লেবানন থেকে সিরিয়ায় ঢুকেছে অন্তত ৩৮ হাজার মানুষ”]
হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের মধ্যে লেবানন থেকে অন্তত ৩৮ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
সিরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইউএনএইচসিআর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, সীমান্ত পার হওয়া মানুষদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক।
এর আগে, গত বুধবার ইউএনএইচসিআর ও লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের ভেতরেই ৮৪ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বালোচ বৃহস্পতিবার বলেন, মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও চলমান সংঘাতের কারণে বাস্তুচ্যুতির একটি উদ্বেগজনক চিত্র সামনে আসছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দুই দিনে দেশটির ভেতরে প্রায় ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে এখন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের দেশ ছেড়ে যাওয়ার কোনো তাৎক্ষণিক লক্ষণ দেখা যায়নি।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের ব্রিফিংয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, লেবাননে চলমান অভিযানের মধ্যে ৩ লাখের বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী লিতানি নদীর দক্ষিণে বসবাসরত লেবানিজদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ডেফরিন জানান, ইসরায়েলি হামলায় ৩২০টির বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.৪১” title=”ইরান যুদ্ধে ন্যাটো সরাসরি জড়িত নয়, তবে সাহায্য করছে: ন্যাটোপ্রধান”]
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে ন্যাটোর মিত্র দেশগুলো সরাসরি জড়িত নয়। তবে তারা ‘গুরুত্বপূর্ণ সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য’ করছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ন্যাটো যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের ‘পাওয়ার প্রজেকশন প্ল্যাটফর্ম’ হিসেবেও কাজ করছে। কারণ ইউরোপীয় মিত্রদের সহায়তা ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে ইরানের বিরুদ্ধে এই অভিযান শুরু করা অত্যন্ত কঠিন হতো।

তবে রুটে উল্লেখ করেন, এ সহায়তা দেওয়া হলেও ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িত নয়।
তিনি বলেন, ‘মার্কিন ঊর্ধ্বতন সামরিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার আলাপচারিতা থেকে আমার এটিই দৃঢ় বিশ্বাস হয়েছে, তারা কী করছেন তা তারা ভালোভাবেই জানেন।’
ন্যাটো মহাসচিব আরও বলেন, ইরানের পরিস্থিতি যাই হোক না কেন, ন্যাটোর মিত্ররা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।
তার ভাষায়, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার অনেক নেতা মনে করেন–দুটি বিষয়ই একসঙ্গে নিশ্চিত করতে হবে। একদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যা করছে তাতে মিত্রদের সক্ষমতা যোগ করা, অন্যদিকে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।
সূত্র: রয়টার্স
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.১২” title=”ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩০”]
গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩০ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে তথ্যসূত্র হিসেবে ‘ফাউন্ডেশন অব মার্টার্স অ্যান্ড ভেটেরান অ্যাফেয়ার্স’-এর নাম উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
[/live_update]
[live_update time=”সন্ধ্যা ০৬.০২” title=”২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের”]
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা হামলা শুরু করে ইরান।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.৪০” title=”মার্কিন তেল ট্যাংকারে ইরানের হামলা”]
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।
এর বাইরে এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি ইরনা।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.২৯” title=”ইরাকে বন্দরে তেল ট্যাংকারে হামলা”]
ইরাকের খোর আল-জুবাইর বন্দরে তেল ট্যাংকারে হামলা হয়েছে। বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।
ইরাকের একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, একটি নৌকা ইরাকে বন্দর খোর আল-জুবাইরে বাহামা পতাকাযুক্ত একটি তেল ট্যাংকারে আঘাত করে। এতে ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তেল ছড়িয়ে পড়েছে।
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.১৬” title=”ইরান ইউরোপের জন্য হুমকি হয়ে উঠছে: ন্যাটোপ্রধান”]
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরান ইউরোপের জন্য হুমকি হয়ে ওঠার কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। এ পরিস্থিতিতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তিনি।
মার্ক রুটে বলেন, ‘ইরান যাতে আর হুমকি হয়ে দাঁড়াতে না পারে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’
তিনি এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে সমর্থন জানান।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৫.০৭” title=”লেবাননে চার দিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৭”]
লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় গত চার দিনে অন্তত ৭৭ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার থেকে লেবাননে চালানো এসব হামলায় হতাহতের এই সংখ্যা পাওয়া গেছে।
এর আগে, আল জাজিরা সূত্রে আমাদের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ লেবাননের কাফর তিবনিত গ্রামে একই পরিবারের চার সদস্য রয়েছেন।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.৫৭” title=”ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলা, ‘ফল ভোগ’ করার হুঁশিয়ারি ইরানের”]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজে কোনো সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে এর ফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে।’ তিনি জানান, হামলার শিকার হওয়া ইরানি যুদ্ধজাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল।
এর আগে, বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস দিনা নামের ওই ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজটি ডুবে যায়।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধারণা করা হচ্ছে, যুদ্ধজাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন।
সূত্র: রয়টার্স
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.৪৮” title=”লেবাননে ৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত”]
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে তাদের চলমান অভিযানের মধ্যে ৩ লাখেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে।
এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘৩ লাখেরও বেশি লেবানিজকে সরিয়ে নেওয়া হয়েছে।’
ইসরায়েলি সামরিক বাহিনী লিতানি নদীর দক্ষিণে অবস্থানরত লেবানিজদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ডেফরিন আরও জানান, ইসরায়েলি হামলায় ৩২০টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”বিকাল ০৪.৩৪” title=”লেবাননে ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত”]
লেবাননে ইসরায়েলি হামলায় আরও দুজন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, পূর্ব লেবাননের জাহলে শহরের কাছে একটি মহাসড়কে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন, যার ফলে বৃহস্পতিবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
সর্বশেষ এই হামলায় আরও দুজন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
[/live_update]
[live_update time=”দুপুর ০৩.০৫” title=”দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় শিশুসহ নিহত ৬”]
দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, কফর তেবনিত এলাকার কাছের একটি গ্রামে হামলায় বাবা–মা ও তাদের দুই সন্তান নিহত হয়েছে।
এ ছাড়া নাবাতিয়েহ অঞ্চলে আরেকটি হামলায় একটি গ্রামের মেয়র এবং তার স্ত্রী নিহত হয়েছেন।
[/live_update]
[live_update time=”দুপুর ০২.৫৫” title=”আবুধাবিতে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু”]
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সীমিত আকারে বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চলাচলের খবর নিশ্চিত করেছে আবুধাবি মিডিয়া অফিস।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা-এমিরেটস ও ইতিহাদ জানায়, দেশের নিরাপদ আকাশপথ ব্যবহার করে দুবাই ও আবুধাবি থেকে সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে।
[/live_update]
[live_update time=”দুপুর ০২.৫৫” title=”কুর্দি অঞ্চল সংঘাতের অংশ হতে পারে না: কুর্দি প্রেসিডেন্ট বারজানি”]
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি বলেছেন, কুর্দি অঞ্চলের এমন কোনো সংঘাত বা সামরিক উত্তেজনার অংশ হওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার ক্ষতি করতে পারে।
তিনি বলেন, কুর্দিস্তান অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা এবং সংবিধান অনুযায়ী অর্জিত অধিকার কেবল কুর্দিস্তানের সব রাজনৈতিক শক্তি ও অংশের ঐক্য, সংহতি এবং যৌথ জাতীয় দায়িত্বের মাধ্যমেই রক্ষা করা সম্ভব।
[/live_update]
[live_update time=”দুপুর ০১.৫১” title=”আরও এক ডুবন্ত ইরানি জাহাজ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে শ্রীলঙ্কা”]

শ্রীলঙ্কার সমুদ্রসীমার বাইরে ডুবন্ত আরও একটি ইরানি জাহাজ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে দেশটির নৌবাহিনী।
শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র নালিন্দা জয়াতিসা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নৌযানটিতে শতাধিক আরোহী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।’
ইরানি ওই নৌযান সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি জয়াতিসা। তবে তিনি জানিয়েছেন, নৌযানটি তাদের দেশের সমুদ্রসীমার বাইরে একটি আর্থিক অঞ্চলে অবস্থান করছে এবং শ্রীলঙ্কার নৌবাহিনীর কাছে সহায়তার জন্য সংকেত পাঠিয়েছে।
[/live_update]
[live_update time=”দুপুর ০১.৪০” title=”কতদিন যুদ্ধ চলবে তাতে কিছু আসে যায় না: ইরানের জেনারেল হেইদারি”]

ইরানের খতম আল-অনবিয়া কেন্দ্রের উপ-কমান্ডার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, যতক্ষণ না লক্ষ্য অর্জিত হয় এবং যুক্তরাষ্ট্রকে তার প্রাপ্য জবাব না দেওয়া হয় ততক্ষণ ইরান এই যুদ্ধ পরিত্যাগ করবে না।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে জেনারেল হেইদারি বলেন, ‘এই যুদ্ধ কতদিন চলবে, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং আমরা কি অর্জন করলাম সেটি গুরুত্বপূর্ণ। আমরা কি শহীদদের আত্মত্যাগের প্রতিশোধ নিতে পারলাম সেটি গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘আমরা এর আগেও আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা এই যুদ্ধ শেষ করব কেবল তখনই, যখন আমাদের লক্ষ্য পূর্ণ হবে এবং শত্রু তাদের কলঙ্কজনক কাজের জন্য অনুশোচনা ও হতাশার মুখোমুখি হবে।’
[/live_update]
[live_update time=”দুপুর ০১.২৫” title=”ইরানে শতাধিক বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা”]

গত শনিবার থেকে এখন পর্যন্ত ইরানে এক হাজার ৩৩২টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল । হামলাগুলোর মধ্যে ৬৩৬টি স্থানের তথ্য নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে অন্তত ১০৫টিই বেসামরিক স্থাপনা।
এসব তথ্য জানিয়েছে ইরানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট।
তাদের তথ্যানুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার মধ্যে ১৪টি চিকিৎসা প্রতিষ্ঠান এবং সাতটি রেড ক্রিসেন্ট ভবনও রয়েছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের অন্তত ১৭৪টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রেড ক্রিসেন্ট।
[/live_update]
[live_update time=”দুপুর ১.০১” title=”ইরানে পানি ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত: বিদ্যুৎমন্ত্রী”]
ইরানের বিদ্যুৎমন্ত্রী আব্বাস আলিয়াবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশের বিভিন্ন অঞ্চলের পানি ও বিদ্যুৎ সরবরাহের সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার খবরে বলা হয়, পরিষেবা চলমান রাখতে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোতে মেরামতের কাজ চলছে।
জনগণের প্রতি বার্তা দিয়ে মন্ত্রী সংকট থেকে পরিত্রাণের আগ পর্যন্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারে আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
[/live_update]
[live_update time=”বেলা ১২.৫৪” title=”মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী পাঠিয়েছে অস্ট্রেলিয়া”]

মধ্যপ্রাচ্যে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অস্ট্রেলিয়া সামরিক বাহিনী মোতায়েন করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেন, ‘যুদ্ধে অংশ নিতে নয় বরং একটি প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেন কোনো আকস্মিক পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।’
আলবানিজ সংসদে জানান, তার সরকার মধ্যপ্রাচ্যে সঙ্কট মোকাবিলায় ছয়টি দল পাঠিয়েছে। তিনি বলেন, ‘আমরা এরমধ্যেই সপ্তাহের শুরুতে জরুরি পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে সামরিক বাহিনী মোতায়েন করেছি।’
তবে তিনি সামরিক বাহিনী ও নির্ধারিত দলগুলো সম্পর্কে বিস্তারিত জানাননি।
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই দলগুলোর সঙ্গে দুইটি সামরিক বিমানও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার কূটনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করার পাশাপাশি ঘাঁটিগুলোতে আঘাত হানা হলে দ্রুত সহায়তা দিতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
[/live_update]
[live_update time=”বেলা ১২.৩৫” title=”ফ্রিগেট ডেনায় হামলা যুক্তরাষ্ট্রের ‘নৃশংসতা’: আব্বাস আরাগচি”]

ভারত মহাসাগরে ইরানের ফ্রিগেট ডেনায় যুক্তরাষ্ট্র সাবমেরিন হামলাকে ‘নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের নৌযান ডুবিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ‘কঠোরভাবে পস্তাতে হবে’।
বৃহস্পতিবার এক এক্স পোস্টে আব্বাস আরাগচি বলেন, ‘ইরান থেকে তিন হাজার ২১৯ কিলোমিটার দূরে থাকা ফ্রিগেট ডেনায় যুক্তরাষ্ট্র নির্মমভাবে হামলা করেছে।’

‘ডেনা ফ্রিগেট ভারতের নৌবাহিনীর আমন্ত্রণে অতিথি হিসেবে প্রায় ১৩০ জন নাবিক বহন করছিল’ জানিয়ে আব্বাস আরাগচি বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নৌযানটিকে আঘাত করা হয়েছে এবং ডুবিয়ে দেওয়া হয়েছে। আমাদের নাবিকদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে।’
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আরাগচি বলেন, ‘আমার কথাগুলো মনে রাখুন: যুক্তরাষ্ট্র যে উদাহরণ স্থাপন করেছে, তার জন্য তারা কঠোরভাবে অনুতাপ করবে।’
[/live_update]
[live_update time=”বেলা ১২.১২” title=”তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়নি: ইরান”]

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, তারা তুরস্কের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি।
বুধবার তুরস্ক দাবি করে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করেছে।
তবে ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে এবং তাদের ভূখণ্ডের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অভিযোগ অস্বীকার করে।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ বিবৃতিটি প্রকাশ করেছে।
অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার ওপর দিয়ে তুরস্কের আকাশসীমার দিকে যাত্রা করছিল। তবে এটি ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ন্যাটো অংশীদারদের সঙ্গে পরামর্শ করে ‘সব প্রয়োজনীয় সতর্কতা’ নিচ্ছে এবং পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য ‘সর্বোচ্চ সতর্কবার্তা’ জারি করা হচ্ছে।
[/live_update]
[live_update time=”বেলা ১২.০৯” title=”ত্রিপলিতে ইসরায়েলি হামলায় হামাস কর্মকর্তা নিহত”]
লেবাননের রাজধানী ত্রিপোলির কাছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক হামাস কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ওই ঊর্ধ্বতন হামাস কর্মকর্তার নাম ওয়াসিম আতাল্লাহ আল-আলি। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের একটি ড্রোন তাদের বাড়ি লক্ষ্য করে ভোরে হামলা চালালে ওয়াসিম ও তার স্ত্রী নিহত হন।
[/live_update]
[live_update time=”বেলা ১২.০৫” title=”ইরানের কুমে ব্যালিস্টিক মিসাইলের লঞ্চারে ইসরায়েলের হামলা”]
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, তাদের বিমানবাহিনী ইরানের কুম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মকে ‘হামলা চালিয়ে ধ্বংস’ করেছে। এই প্ল্যাটফর্মটি থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় আক্রমণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
ইসরায়েলি মুখপাত্র আরও জানান, কুম শহরের পাশাপাশি তাদের বিমানবাহিনী ইরানের ইসফাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
তিনি বলেন, ‘এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা এবং ইসরায়েলের “এলাকায় আকাশ নিয়ন্ত্রণ বৃদ্ধি” করা।’
[/live_update]
[live_update time=”বেলা ১১.০০” title=”ইরানের নৌযানে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় নিহত বেড়ে ৮৭, নিখোঁজ ৬০”]

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সাবমেরিন হামলায় বেঁচে যাওয়া ইরানি নাবিকরা শ্রীলঙ্কার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই হামলায় ইরানি নৌযানের নাবিকসহ অন্তত ৮৭ জন নিহত হন।
শ্রীলঙ্কার গালের জাতীয় হাসপাতালের কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর সূত্র জানিয়েছে, বুধবার সকালে আইআরআইএস ডেনা নামের জাহাজ থেকে জরুরি বার্তা পাওয়ার পর মিলিটারি উদ্ধারকারী দল ৮৭টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এখন পর্যন্ত নৌযানে থাকা ৬০ জন নাবিক নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কান কোস্ট গার্ড ও নৌবাহিনী বৃহস্পতিবারও তাদের খোঁজ ও উদ্ধার অভিযান অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।
হামলায় বেঁচে যাওয়া ৩২ জন নাবিক আহত অবস্থায় গালের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কর্তৃপক্ষের আশা, যাদের আঘাত গুরতর নয়, তারা বৃহস্পতিবারই হাসপাতাল থেকে মুক্তি পেতে পারবেন।
ইরানি ওই নাবিকদের পাহারায় হাসপাতালের প্রবেশদ্বারে এবং চারপাশে পুলিশ মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার।
[/live_update]
[live_update time=”সকাল ১০.১৫” title=”ইরানি কর্মকর্তাদের লেবানন ছাড়তে ইসরায়েলের ঘোষিত সময় শেষ”]
লেবাননে অবস্থানরত ইরানের কর্মকর্তাদের সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল ইসরায়েল। সেই সময়সীমা এখন শেষ হয়ে গেছে।
মূলত লেবাননে ইরান দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে ওই সতর্কবার্তা দিয়েছিল তেলআবিব। অর্থাৎ তারা দূতাবাসে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছিল।
তবে ইসরায়েলি পক্ষের এই সতর্কবার্তাকে ইরান তাদের দূতাবাসের প্রতি হুমকি হিসেবে দেখছে।
তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে তাদের কূটনৈতিক মিশনে হামলা হলে এর জবাবে বিশ্বের যেকোনো স্থানে থাকা ইসরায়েলের দূতাবাস হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
একাধিক আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এ পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। সংস্থাটির মতে, এমন হুমকি যুদ্ধাপরাধ সংঘটনের ইঙ্গিত দিতে পারে। কারণ ভিন্ন কোনো দেশের ভেতর যেকোনো দেশের দূতাবাসে আঘাত করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এদিকে লেবাননে থাকা ইরানের দূতাবাস খালি করার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
[/live_update]
[live_update time=”সকাল ১০.০১” title=”দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় নিহত ৩”]

দক্ষিণ লেবাননে একটি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে তীর–নাকুরা সড়কে এই হামলা চালানো হয়। সড়কটি ক্বালিলা নামের একটি শহরের কাছে অবস্থিত।
হামলায় ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
[/live_update]
[live_update time=”সকাল ০৯.৫৫” title=”ইরান যুদ্ধে প্রয়োজনে অংশ নেবে কানাডা: প্রধানমন্ত্রী কার্নি”]

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি এখনই পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। যদি প্রয়োজন হয়, কানাডা তার মিত্র দেশগুলোর পাশে থাকবে।
গত বুধবার অবশ্য তিনি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছিলেন। ঠিক তার একদিন পরেই কথার সুর বদলালেন মার্ক কার্নি।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘কোনো বিষয়ই সম্পূর্ণভাবে আগে থেকে নাকচ করে দেওয়া যায় না। কোনো কিছুই চূড়ান্ত নয়। পরিস্থিতি অনুযায়ী কানাডা তার মিত্রদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
[/live_update]
[live_update time=”সকাল ০৯.৪৫” title=”ইরাকের কুর্দিস্তানে ‘ইরানবিরোধী’ গোষ্ঠীর ওপর হামলার দাবি তেহরানের”]

ইরাকের কুর্দি অঞ্চলে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমর্থনে কুর্দিশ বাহিনী ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর সক্ষমতা অর্জন করছে এমন খবর চাওর হতেই কুর্দিস্তানে হামলা করল ইরানের সামরিক বাহিনী।
দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়, অভিযানের সময় কুর্দি যোদ্ধাদের বিভিন্ন স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রাতে আকাশে বড় ধরনের বিস্ফোরণের আলো দেখা যায়। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, হামলার লক্ষ্য ছিল কুর্দিস্তান টয়লার্স অ্যাসোসিয়েশন নামে পরিচিত একটি ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তর। এই সংগঠনটি কোমালা নামেও পরিচিত।
সাম্প্রতিক কয়েক দিনে ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান–ইরাক সীমান্তে অবস্থান করা কয়েকটি ইরানি কুর্দি গোষ্ঠীর জোট এমন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যাতে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা যায়।
[/live_update]
[live_update time=”সকাল ০৯.১৫” title=”দোহায় মার্কিন দূতাবাস সংলগ্ন বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার”]

কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দূতাবাস সংলগ্ন ও আশপাশের এলাকায় অবস্থানরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এটি একটি অস্থায়ী সতর্কতামূলক ব্যবস্থা।
যেসব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের জন্য উপযুক্ত অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিল কাতার সরকার।
চলতি সপ্তাহেই সৌদি আরব ও কুয়েতে থাকা মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট ইরানের ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সেই শঙ্কা থেকেই প্রতিরোধমূলক পদক্ষেপ নিল দোহা।
[/live_update]
[live_update time=”সকাল ০৯.০৫” title=”ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে ব্যর্থ মার্কিন সেনেটে”]

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-সংক্রান্ত ‘যুদ্ধক্ষমতা’ বা ওয়ার পাওয়ার সীমিত করতে প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনেট। বুধবার স্থানীয় সময় বিকালে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এ সংক্রান্ত ভোট হয়।
তবে উচ্চকক্ষ সেনেটে ট্রাম্পের রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার প্রস্তাবটি মুখ থুবড়ে পড়েছে।
বিশ্লেষকরা অবশ্য বলছেন, এতে খুব একটা বিস্ময়ের কিছু নেই। তার প্রথম কারণ-সেনেটে বর্তমানে রিপাবলিকান পার্টির আধিক্য। দলের অধিকাংশ আইনপ্রণেতাই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রতি শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জানিয়ে আসছেন। তাই এ সংক্রান্ত প্রস্তাব ওঠার পর থেকেই ধারণা করা হচ্ছিল-সেটি সেনেটে পাস হবে না।
দ্বিতীয়ত, এমন কোনো বিল উচ্চকক্ষ সেনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অর্থাৎ দুই কক্ষেই পাস হলেও তা কার্যকর আইনে পরিণত হতে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন। স্পষ্টতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দিতেন, কারণ ইরান ইস্যুতে নেওয়া সামরিক নীতিকে তিনি শতভাগ সমর্থন করেন।
এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে হলে সেনেটের দুই–তৃতীয়াংশ সদস্যকে বিলটির পক্ষে ভোট দিতে হয়। কিন্তু রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটে সেই সমর্থন পাওয়ার সম্ভাবনাও ছিল খুবই কম।
ফলে সেনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতাদের কাছ থেকেই আগেই ধারণা করা হচ্ছিল যে প্রস্তাবটি সেনেটে পাস হবে না।
প্রতিনিধি পরিষদে এখনও প্রেসিডেন্টের যুদ্ধক্ষমতা সীমিত করার আরেকটি প্রস্তাব রয়েছে। তবে সেনেটে ফলাফল দেখার পর সেটি আদৌ ভোটে তোলা হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
[/live_update]


