নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও তুলে ধরেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে নিজের নামে দুটি ব্যাংক হিসাব থাকার কথা উল্লেখ করেন আসিফ মাহমুদ। এর মধ্যে একটি ডাচ বাংলা ব্যাংকে এবং অন্যটি সোনালী ব্যাংকে খোলা হয়েছে।
ডাচ বাংলা ব্যাংকের হিসাবটি খোলা হয় ২০২৪ সালের ১৯ মার্চ। চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত এই ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ ৮৫ লাখ ৮১ হাজার ৯৬১ টাকা, যার মধ্যে উত্তোলন করা হয়েছে ৭৬ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা। মোট স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
অন্যদিকে সোনালী ব্যাংকে তার আরেকটি হিসাব খোলা হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী, এই হিসাবে মোট জমা হয়েছে ১০ হাজার টাকা। এ সময়ের মধ্যে উত্তোলন করা হয়েছে ৭০ টাকা এবং বর্তমানে হিসাবটিতে স্থিতি রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্যও প্রকাশ করেন। তিনি জানান, তার স্ত্রীর নামে প্রাইম ব্যাংকে একটি হিসাব রয়েছে। হিসাবটি খোলা হয় ২০২৫ সালের ১ মে। ১ মে ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী, এতে মোট জমা হয়েছে ৫১৫ টাকা। বর্তমানে হিসাবটিতে স্থিতি রয়েছে ৬১৩ টাকা।
এ ছাড়া তার বাবার নামে একাধিক ব্যাংকে হিসাব থাকার তথ্য তুলে ধরেন তিনি। জনতা ব্যাংকে থাকা একটি হিসাবে ১ জুলাই ২০২৪ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী, বর্তমান স্থিতি রয়েছে ৫১ হাজার ৯৯০ টাকা।
একই ব্যাংকে তার বাবার একটি ঋণ হিসাবও রয়েছে। ওই হিসাবে মোট ১০ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত পরিশোধ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার ২৫৪ টাকা এবং বর্তমানে বাকি রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা।
রূপালী ব্যাংক পিএলসিতে তার বাবার আরেকটি হিসাবে স্থিতি রয়েছে ২৭ হাজার ৬০২ টাকা। অগ্রণী ব্যাংকে থাকা আরেকটি হিসাবে একই সময়ের মধ্যে মোট জমা হয়েছে ৮ লাখ ১২ হাজার ৩৪৮ টাকা এবং উত্তোলন করা হয়েছে ৮ লাখ ৪ হাজার ৪২ টাকা। বর্তমানে হিসাবটিতে স্থিতি রয়েছে ৬৬ হাজার ১০৮ টাকা।
এ ছাড়া এনআরবিসি ব্যাংকে ‘ইসরাত এন্টারপ্রাইজ’ নামে তার বাবার একটি ব্যবসায়িক হিসাব রয়েছে। ১ জানুয়ারি ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ের স্টেটমেন্ট অনুযায়ী, এতে মোট জমা হয়েছে ৪ লাখ ২ হাজার ৯ টাকা এবং উত্তোলন করা হয়েছে ১ হাজার ১০৬ টাকা। বর্তমানে হিসাবটিতে স্থিতি রয়েছে ৪ লাখ ৯০৩ টাকা।
সংবাদ সম্মেলনে তার মায়ের ব্যাংক হিসাবের তথ্যও প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি জানান, রূপালী ব্যাংক পিএলসিতে তার মায়ের নামে একটি হিসাব রয়েছে। বর্তমানে হিসাবটিতে স্থিতি রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা।


