ইসরায়েলের অনুরোধে গ্যাস উৎপাদন বন্ধ করল শেভরন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযানের প্রেক্ষাপটে ইসরায়েল সরকারের অনুরোধে সমুদ্রতীরবর্তী একটি বড় গ্যাস প্রকল্পের উৎপাদন স্থগিত করেছে শেভরন। এএফপির খবরে বলা হয়, সোমবার কোম্পানিটি বিষয়টি নিশ্চিত করেছে।
কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় গত ২৮ ফেব্রুয়ারি লেভিয়াথান গ্যাস উৎপাদন প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়।
কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে শেভরন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যেকোনো প্রশ্ন ইসরায়েল রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে করা উচিত।
মার্কিন এই কোম্পানিটি ইসরায়েলের দোর উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত লেভিয়াথান গ্যাস ক্ষেত্র পরিচালনা করে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে চালু হওয়া এই প্রকল্পটি ইসরায়েল, মিশর ও জর্ডানে গ্যাস সরবরাহ করে আসছে।
গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে।
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে নতুন করে হামলা শুরু করেছে। অন্যদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এর ধারাবাহিকতায় ওমান উপসাগর উপকূলে জ্বালানি ট্যাঙ্কারের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
এদিকে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের দুটি প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ ঘাঁটিতে ইরানি হামলার পর তারা এলএনজি উৎপাদন বন্ধ করেছে।
শেভরন আরও জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশে থাকা প্রকল্পের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে কুয়েত গালফ অয়েল কোম্পানির সঙ্গে যৌথভাবে পরিচালিত অনশোর ‘পার্টিশনড জোন’ কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ইসরায়েলের বিরশেবা শহরে ‘হামলা চালিয়েছে’ ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ঢেউ ছুড়েছে ইসরায়েলের বিরশেবা শহরকে নিশানা করে।
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, ওই শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।
তাসনিম নিউজ পরে একটি ভবনের ছবি শেয়ার করে দাবি করেছে, এই ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ভবনটিতে রয়েছে মাইক্রোসফটসহ বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলোর কার্যালয়।
إعلام العـ,دو : إيران قصفت المجمع العلمي في بئر السبع، الذي تقع فيه كبرى الشركات العالمية، ومن ضمنها شركة ميكروسوفت. pic.twitter.com/TqiGzcsD9G
— وكالة تسنيم للأنباء (@Tasnimarabic) March 2, 2026
ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল: পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে না। তবে তিনি সতর্ক করে দেন, এই অভিযানের প্রভাব অত্যন্ত ব্যাপক।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করছিল।’ তার দাবি, দেশটি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সুরক্ষা দিতে এসব অস্ত্রকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।

ওই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনে উপস্থিত ছিলেন।
হেগসেথ বলেন, ‘এটি তথাকথিত শাসনব্যবস্থা পরিবর্তনের (রেজিম চেঞ্জ) যুদ্ধ নয়। তবে শাসনব্যবস্থা যে বদলে গেছে, তা নিশ্চিত।’
সূত্র: আনাদোলু এজেন্সি
খামেনির মৃত্যুর পর ইরান ‘বেপরোয়া’ হামলা চালাচ্ছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ইরানকে এই অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আরও ‘বেপরোয়া’ উপায়ে হামলা চালাতে প্ররোচিত করেছে।
পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে স্টারমার বলেন, খামেনির মৃত্যু ইরানকে এই ধরনের হামলা চালানো থেকে বিরত করতে পারবে না। প্রকৃতপক্ষে, তাদের দৃষ্টিভঙ্গি বেসামরিক নাগরিকদের জন্য আরও বেশি বেপরোয়া এবং বিপজ্জনক হয়ে উঠছে।
এখনো সেভাবে হামলা করা শুরুই করিনি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের একটি ‘বিশাল ঢেউ’ এখনো আসা বাকি। বর্তমান অভিযানকে তিনি আরও বড় আকারের আক্রমণের কেবল শুরু হিসেবে বর্ণনা করেছেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা এখনো তাদের সেভাবে হামলা করা শুরুই করিনি। বড় ঢেউটি এখনো আসেনি। সেই বড় আঘাতটি শিগগির আসছে।’
সংঘাতের সময়সীমা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এটি খুব বেশি দিন ধরে চলুক তা চাই না। আমি সবসময় ভেবেছিলাম এটি ৪ সপ্তাহ স্থায়ী হবে। এবং আমরা এখন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, এই যুদ্ধের ‘সবচেয়ে বড় বিস্ময়’ ছিল বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের হামলা।
এ ছাড়া তিনি দাবি করেন, প্রাথমিক হামলাগুলোতে ইরানের ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।
সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলা হবে: ইরানি কমান্ডার
সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারির উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে।
ইব্রাহিম জাবারি বলছেন, ‘আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। আমরা সেখানেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব, যাতে সেখান থেকেও তাদের চলে যেতে বাধ্য করা যায়।’
‘দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরান। খবর বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন ও ইসরায়েলিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের নিরাপত্তাবিষয়ক প্রধান আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে।
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে।
পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বের জন্য হুমকি হবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।’
চলমান অভিযানে ইসরায়েলের সঙ্গে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।
সূত্র: বিবিসি
ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনা এবং বিমানঘাঁটির কাছের এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছুক্ষণ আগে এ বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে রয়টার্স ও আল জাজিরার খবরে বলা হয়েছে।
এর আগে, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি আজ সোমবার জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৫
ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের সারাবেলেহ গ্রামে ইসরায়েলি বোমা হামলায় এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল
ইসরায়েল জানিয়েছে, তাদের বাহিনী লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়ে বলেছে, এ বিষয়ে ‘বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
ইসরায়েলের হামলায় লেবাননের রাজধানী বৈরুতের ওপর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
সূত্র: আল জাজিরা
কাতার এনার্জির উৎপাদন বন্ধ ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম আকাশছোঁয়া
ইরানি হামলার প্রভাবের মধ্যে বিশ্বের অন্যতম প্রধান এলএনজি রপ্তানিকারক প্রতিষ্ঠান কাতার এনার্জি গ্যাস উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর প্রভাবে ইউরোপে গ্যাসের দাম ৫০ শতাংশ বেড়ে গেছে।
সোমবার গ্যাস উত্তোলন উৎপাদন বন্ধ রাখার কথা জানিয়েছে কাতার এনার্জি।
উড ম্যাকেঞ্জি’র গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাসিমো দি ওদোয়ার্দো বলেন, ‘যদি প্রবাহে বিঘ্ন থাকে, তবে কনট্রাক্ট থাকা কার্গো নিয়েও নতুন করে লড়াই শুরু হবে।’
আইসিই’র তথ্য অনুযায়ী, ডাচ টিটিএফ হাবের সামনের মাসের চুক্তিমূল্য ১৪ দশমিক ৫৬ ইউরো বেড়ে ৪৬ দশমিক ৫২ ইউরো (প্রতি মেগাওয়াট ঘণ্টা) হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, দিনের শুরুতেই দাম ২৫ শতাংশ বেশি ছিল। কাতার এনার্জির উৎপাদন বন্ধের খবরের পর সেই ঊর্ধ্বগতি আরও কয়েক গুণ বেড়ে গেছে।
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আলী খামেনির স্ত্রী
ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি শনিবার তেহরানে খামেনির কম্পাউন্ডে চালানো হামলায় গুরুতর আহত হয়েছিলেন।
চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে ক্ষতের কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তিনি হামলার সময় খামেনির সঙ্গে উপস্থিত ছিলেন।
সূত্র: আল জাজিরা
এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করল কাতার
রাস লাফান ও মেসাইদে ইরানি ড্রোন হামলার পর কাতার এনার্জির এলএনজি উৎপাদন বন্ধ রেখেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছিল, শিল্পনগরী রাস লাফানের জ্বালানি স্থাপনাগুলোতে দুটি ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এখন কাতার এনার্জি বলছে, তারা এলএনজি ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন
লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডকে ‘অবৈধ’ ঘোষণা করেছে এবং এই সশস্ত্র গোষ্ঠীকে তাদের অস্ত্র হস্তান্তর করার দাবি জানিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ‘আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করছি এবং তাদের কার্যক্রমকে কেবল রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ করছি। আমাদের দাবি, সামরিক প্রতিষ্ঠানগুলো যেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।’
প্রধানমন্ত্রী সালাম ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পুনরায় আলোচনা শুরু করার ওপর জোর দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে অন্যগুলো দেশের খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েল লেবাননের বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীসহ একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিট থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন।
লেবাননের ১৮ গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ১৮টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। আইডিএফের দাবি, এই এলাকাগুলো হিজবুল্লাহ তাদের সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে।
রাতভর হামলার পর এই নির্দেশনা আসে। ইরান-সমর্থিত লেবাননি গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
এরপর ইসরায়েল লেবাননের বেইরুটের উপশহর এবং দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালায়। নতুন সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ৩০ জনের বেশি নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
হিজবুল্লাহর গোয়েন্দাপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননের বৈরুতে রাতভর চালানো এক বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দাপ্রধান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
আল জাজিরার খবরে বলা হয়, আইডিএফের এক ঘোষণা অনুযায়ী, বৈরুতে চালানো ওই সুনির্দিষ্ট হামলায় হোসেন মাকলেদ নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে, হোসেন মাকলেদ হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
ইসরায়েল বলছে, তাদের চালানো ওই অভিযানে হিজবুল্লাহর এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও এক মার্কিন সেনা নিহত, মোট মৃত্যু ৪
ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আরও একজন সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, রোববার পর্যন্ত তিনজন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজকের নতুন ঘোষণার মাধ্যমে নিহতের মোট সংখ্যা চারজনে পৌঁছেছে।
নেতানিয়াহুর কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।
সোমবার ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি রেভল্যুশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
সূত্র: এএফপি
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হলেন মজিদ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান নিহত হওয়ার পর বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার সেই পদে এক জেনারেলকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
এর আগে, শনিবার সকালে ইসরায়েলি ও মার্কিন হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় পূর্বসূরি নিহত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।
প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে রেভল্যুশনারি গার্ডের জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত তিনটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন, তাদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছেন। কুয়েত এই ঘটনা স্বীকার করেছে।
এতে আরও বলা হয়েছে, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ামাত্র তা প্রকাশ করা হবে।
সূত্র: আল জাজিরা
তেহরানজুড়ে বিস্ফোরণের শব্দ, হামলার ব্যাপকতা বাড়ানোর ঘোষণা ইসরায়েলের
মধ্য তেহরানে ইরান সরকারকে লক্ষ্য করে হামলার ব্যপকতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক হামলা শুরু করেছে।
এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আল জাজিরা জানিয়েছে, ইরানি রাজধানীর বেশ কয়েকটি অংশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেভোলিউশন স্কয়ারের কাছের একটি এলাকাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা আগ্রাসনের প্রতিবাদে এক সমাবেশে সমবেত হয়েছিলেন।’
কাতারের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা
কাতারের রাস লাফান শিল্প নগরীর জ্বালানি স্থাপনায় দুটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, একটি ড্রোন মেসাইদ এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হানে এবং অন্যটি রাস লাফান শিল্প নগরীতে কাতার এনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হামলার ফলে হওয়া সমস্ত ক্ষয়ক্ষতি ও লোকসান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করবে এবং পরে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হবে।’
বিমান চলাচল বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ৩ লাখ মানুষ আটকা
আকাশসীমা ও বিমান ওঠানামা বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলজুড়ে প্রায় ৩ লাখ মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তার জন্য বিশেষ দল মোতায়েন করেছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখাচ্ছে যে, সংঘাতের প্রথম কয়েক দিনেই ৩ হাজার ৪০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
দুবাই ইন্টারন্যাশনাল, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ ইন্টারন্যাশনালের মতো প্রধান আঞ্চলিক হাবগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে। ওই অঞ্চলের মোট ছয় থেকে সাতটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে।
ইরানের দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানে প্রথম দফার হামলায় দেশটির দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার প্রকাশিত সামরিক বিবৃতিতে নিহতদের নাম সৈয়দ ইয়াহিয়া হামিদি এবং জালাল পোর হোসেন বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের দাবি, হামিদি ছিলেন ইসরায়েল বিষয়ক গোয়েন্দা উপমন্ত্রী। তিনি ইরান ও বিদেশে ইহুদি, পশ্চিমা ব্যক্তিত্ব এবং ইরানি শাসনবিরোধী ব্যক্তিদের লক্ষ্য করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, হোসেন ছিলেন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচরবৃত্তি বিভাগের প্রধান।
তাদের সাথে আরও কয়েকজন ‘জ্যেষ্ঠ সন্ত্রাসীকে’ নির্মূল করা হয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।
হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম পরবর্তী ‘লক্ষ্যবস্তু’: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী
হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম এখন তাদের পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ।
খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে বোমাবর্ষণ শুরু করে, যাতে অন্তত ৩১ জন নিহত হন। এই ঘটনার পরই কাটজের এই মন্তব্য সামনে এল।
নাঈম কাসেম হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হয়েছিলেন, যাকে গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েল হত্যা করেছিল।
ইরানে মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে: রেড ক্রিসেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি একথা নিশ্চিত করেছে।
সৌদির আরামকো তেল শোধনাগারে আগুন

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ধোঁয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও যাচাই করে আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের রাস তানুরায় একটি তেল স্থাপনায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
ড্রোন হামলায় পরই এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
কুয়েতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সব ক্রু সদস্যই বেঁচে গেছেন বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আল জাজিরা প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কুয়েত শহরের ৩২ কি.মি পশ্চিমে আল জাহরা শহরে একটি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার পর ঘন ধোঁয়া উঠছে। এটি একটি মার্কিন এফ-১৫ জেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।কুয়েতে ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
সাইপ্রাসের প্রতি ইউরোপীয় কমিশন প্রধানের দৃঢ় সমর্থন
ড্রোন হামলার পর সাইপ্রাসের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান। প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন জানিয়েছেন, তিনি আক্রোতিরিতে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে সাইপ্রাস সরকারের সঙ্গে কথা বলেছেন।
তিনি লিখেছেন, ‘যদিও সাইপ্রাস প্রজাতন্ত্র এ হামলার লক্ষ্যবস্তু ছিল না, তবে স্পষ্ট করতে চাই: যেকোনো হুমকের মুখে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোর পাশে সমষ্টিগত, দৃঢ় এবং স্পষ্টভাবে দাঁড়াব।’
তিনি আরও জানান, আক্রোতিরিতে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে হামলার বিষয়ে সাইপ্রাস সরকারের সঙ্গে কথা বলেছেন।
কুয়েতে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের আমরা নিজেদের নিরাপদ অবস্থানে আশ্রয় নিতে, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।’
দূতাবাসের কর্মীরা বর্তমানে তাদের অবস্থানেই আশ্রয় নিয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
ইরাকের এরবিলে বিস্ফোরণ
ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চল এরবিলে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আল জাজিরার খবরে বলা হয়, ইরাকি বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।
কাতার এয়ারওয়েজের ফ্লাইট স্থগিত
ফ্লাইট চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারভিত্তিক এয়ারলাইন্সটি জানিয়েছে, দেশের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইটগুলি স্থগিত রয়েছে।
তারা আরও জানিয়েছে, কাতার কর্তৃপক্ষ আকাশসীমা নিরাপদভাবে পুনরায় খোলার ঘোষণা দিলে আবার কার্যক্রম শুরু করা হবে।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩১

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে এবং ১৪৯ জন আহত হয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহর এবং দক্ষিণ লেবাননকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় রাজধানীর উপশহরে ২০ জন নিহত এবং ৯১ জন আহত হন এবং দেশের দক্ষিণে ১১ জন নিহত এবং ৫৮ জন আহত হন।
হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ওপর রকেট হামলার দাবি করার পর ইসরায়েল লেবাননে হামলা চালায়। এতে ওই অঞ্চলে চলমান যুদ্ধ আরও বিস্তৃত হয়।
আবুধাবিতে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে নতুন বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আল জাজিরা বলেছেন, প্রতিবেশী কাতারের রাজধানী দোহায়ও প্রায় ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরান আগে হামলার পরিকল্পনা করেনি: কংগ্রেসকে পেন্টাগন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার আগে যুক্তরাষ্ট্রে হামলা করার পরিকল্পনা ইরান করছে বলে কোনো ইঙ্গিত ছিল না। রয়টার্সের এক খবরে একথা বলা হয়েছে।
এক গোপন বৈঠকে কংগ্রেসের কর্মকর্তাদের পেন্টাগনের কর্মকর্তারা জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রক্সি বাহিনী মার্কিন স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। তবে তারা স্বীকার করেছেন যে, তেহরান আগে মার্কিন বাহিনীকে আক্রমণ করতে পারে, এমন কোনো গোয়েন্দা তথ্য ছিল না। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুইজনের বরাতে একথা জানিয়েছে রয়টার্স।
এই খবরে ট্রাম্প প্রশাসনের আগের দাবির প্রতি সন্দেহ তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছিল, তেহরান ‘প্রাক-হামলা’ হিসেবে মার্কিন বাহিনীকে আক্রমণ করতে পারে এমন কোনো ইঙ্গিত ছিল।
কুয়েতে সাইরেনের শব্দ
কুয়েতে আরেক দফা বিমান হামলার সতর্ক সাইরেন শোনা গেছে।
সম্প্রতি কয়েক ঘণ্টায় সেখানে অন্তত তৃতীয়বার এই সাইরেন বাজার ঘটনা ঘটল বলে জানিয়েছে আল জাজিরা।
এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর দিকে ধেয়ে আসা আগ্রাসী ড্রোনগুলোর ‘বেশিরভাগ’ সফলভাবে প্রতিহত করতে পেরেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয়: লারিজানি
ওয়াশিংটনের সঙ্গে আবার পারমাণবিক আলোচনা শুরু করতে নতুন কোনো প্রচেষ্টার গুঞ্জন অস্বীকার করেছেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করব না।’
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে দাবি করা হয়েছে, খামেনির হত্যার পর ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে লারিজানি এই প্রচেষ্টা করেছিলেন। তারপরই এমন মন্তব্য করলেন তিনি।
এক্স পোস্টে তিনি আরও বলেছেন, ট্রাম্প তার ‘ভ্রান্ত কল্পনার’ ভিত্তিতে মধ্যপ্রাচ্যকে অরাজকতার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন মার্কিন সেনা হতাহতের ভয় পাচ্ছেন।
লারিজানি বলেছেন, ‘তিনি তার স্বনির্মিত “সবার আগে আমেরিকা” স্লোগানকে “সবার আগে ইসরায়েল” স্লোগানে পরিণত করেছেন এবং ইসরায়েলের ক্ষমতালোভী আকাঙ্ক্ষার জন্য মার্কিন সৈন্যদের পরিত্যাগ করেছেন।’
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘এর মূল্য দিবে মার্কিন সৈন্য ও তাদের পরিবার। ইরান নিজেকে রক্ষা চালিয়ে যাবে।’
ইসরায়েল ও হিজবুল্লাহর নিন্দায় লেবানন প্রেসিডেন্ট
ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ের কর্মকাণ্ডেরই নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
তিনি বলেন, লেবাননের ভূখণ্ড থেকে হিজবুল্লাহ যে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে, তাতে সরকারের চলমান প্রচেষ্টা ক্ষুণ্ন হয়েছে। লেবাননের এই প্রচেষ্টার লক্ষ্য ছিল ‘এ অঞ্চলে চলমান বিপজ্জনক সামরিক সংঘর্ষ থেকে লেবাননকে দূরে রাখা।’
তিনি লেবাননের বিরুদ্ধে চালানো ‘ইসরায়েলি আগ্রাসনের’ নিন্দা জানান।
জোসেফ বলেন, ‘আমরা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানাই এবং সতর্ক করে বলতে চাই, আমাদের সঙ্গে সম্পর্কহীন যুদ্ধে সমর্থন দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে লেবাননকে ব্যবহার করা হলে, তা আমাদের দেশকে আবার ঝুঁকির মুখে ফেলবে।’
ইরানে হামলা সমর্থন করেন এক চতুর্থাংশ মার্কিনি
যুক্তরাষ্ট্রের প্রতি চারজনে মাত্র একজন ইরানে চালানো মার্কিন হামলা সমর্থন করেন। রয়টার্স/ ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি চারজনের একজন যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানবিরোধী হামলায় সমর্থন দেখিয়েছেন।
জরিপের প্রায় ৪৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা এই যুদ্ধের বিরোধিতা করেন, আর ২৯ শতাংশ বলেছেন, তারা নিশ্চিত নন।
রিপাবলিকানদের মধ্যে সমর্থন তুলনামূলক বেশি হলেও তা জোরালো নয়, ৫৫ শতাংশ বলেছেন তারা যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা সমর্থন করেন, ১৩ শতাংশ বিরোধিতা করেন এবং ৩২ শতাংশ অনিশ্চিত।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, প্রায় ৪২ শতাংশ রিপাবলিকান বলেছেন, যদি এ অভিযানে ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা নিহত বা আহত হন’, তাহলে তারা এই অভিযানের প্রতি সমর্থন কমিয়ে দেবেন।
ঘর ছেড়ে পালাচ্ছে লেবাননবাসী

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলির পর লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা ঘর ছেড়ে পালাচ্ছে।
দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, টাইর অঞ্চল থেকে বৈরুত এবং উত্তর লেবাননের দিকে তীব্র জনস্রোত দেখা দিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বর্তমানে যান চলাচল নিয়ন্ত্রণ করছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলা
সাইপ্রাসে থাকা ব্রিটিশ সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসের আক্রোতিরি এলাকায় তাদের সামরিক ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত হেনেছে।
তবে মধ্যরাতের দিকে সংঘটিত এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।
আক্রোতিরি ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে অভিযানের জন্য যুক্তরাজ্যের প্রধান সামরিক স্থাপনা। এ হামলার ঘটনাটি এমন সময় ঘটল, যখন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের অনুরোধে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে তার দেশ সম্মত হয়েছে।
ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৮০
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে পৌঁছেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর জানিয়েছেন, রোববার মিনাবে একটি মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় ‘প্রায় ১৮০ জন কিশোরী’ নিহত হয়েছে।
তিনি আরও বলেন, কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তেহরানের গান্ধী হাসপাতালে।
লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে তারা এ হামলা চালায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালানোর পর বৈরুতের দক্ষিণ উপশহরগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েল।


