ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। সব আনুষ্ঠানিকতা সেরে শনিবার রওনাও দিয়েছেন দেশের উদ্দেশ্যে। কিন্তু বাধ সেধেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন মুশফিক। ফেসবুকে এক স্ট্যাটাসে তা নিশ্চিত করেছেন বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট খেলা এই ক্রিকেটার নিজেই।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মুশফিক লেখেন, ‘আসসলামু আলাইকুম। কিছুদিন আগে মক্কায় এসেছিলাম ওমরাহ হজ্ব পালন করতে। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে।’

মুশফিক প্রার্থনা চেয়ে আরো লেখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। কেবল আল্লাহই জানেন, কখন, কীভাবে বাংলাদেশিদের সাথে ঢাক্য ফিরতে পারব। সবার কাছে দোয়া চাইছি।’


