কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন। গত পাঁচদিনে অন্তত দুইটি মৃত ডলফিন সমুদ্র উপকূলে ভেসে এসেছে। ভেসে আসা দু’টি ডলফিনের শরীরেই আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালেও একটি মৃত ডলফিন ভেসে এসে উখিয়ার মনখালী সমুদ্র সৈকতের বালিয়াড়িতে আটকা পড়ে। ডলফিনটির শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।
সোমবার সকাল পর্যন্তও সেটি ওই স্থানেই পড়েছিল বলেও জানান তারা।
সুত্র বলছে, ভেসে আসা মৃত ডলফিনটি ‘ইরাবতী ডলফিন’, যার বৈজ্ঞানিক নাম অরকায়েলা ব্রেভিরোস্ট্রিস। এই প্রজাতির ডলফিন সাধারণত সমুদ্রের উপকূলীয় এলাকা ও নদীর মোহনায় বিচরণ করে।
এর আগে, বৃহস্পতিবারও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সমুদ্র সৈকতে আরেকটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। সেটির শরীরেও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে। পরে ওই সব ডলফিন সমুদ্র উপকূলে ভেসে আসছে।


