আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে লড়াই করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঢাকা ১০ আসনটি কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সদ্য সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, প্রচার চালানোর ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারছেন না।
এসময় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিজের নিরাপত্তার ব্যবস্থা করতে অনুরোধও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে আসিফ বলেন, ‘শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা। তারা ঝুঁকিতে আছে।’
এর আগে ১২ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তিনি।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা পদ থেকে দায়িত্ব ছাড়েন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারে থাকা এই ছাত্র নেতা সামলাচ্ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
আসিফ মাহমুদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়কও ছিলেন তিনি।


