কাতারসহ ৩ দেশের তেল স্থাপনার কাছের বাসিন্দাদের সরতে বলল ইরান
সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন তেল স্থাপনার আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যেতে বলেছে ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দেশগুলোর পাঁচটি তেল স্থাপনার কাছাকাছি বসবাসকারীদের এলাকা ত্যাগ করতে বলেছে বলে জানিয়েছে আল জাজিরা।
রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরজিসি বলেছে, ‘অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করুন এবং কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যান।’
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা
দক্ষিণ লেবাননের খিরবেত সেলমে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলি সামরিক বাহিনী ওই গ্রাম এবং আশপাশের আরও তিনটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার বা এলাকা খালি করার হুমকি দেওয়ার পর এসব হামলা চালানো হলো।
প্রাকৃতিক গ্যাস স্থাপনায় হামলার অভিযোগ ইরানের
পারস্য উপসাগরের অফশোর ‘সাউথ পার্স’ ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা।
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী নিহত
ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানান, রাতে চালানো এক হামলায় ইসমাইল খতিব নিহত হয়েছেন।
তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছেন যে, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেকোনো ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের। এর জন্য অতিরিক্ত কোনো অনুমোদনের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।


