মাঠে নামার আগে সেনেগাল ভালো করেই জানত, নকআউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য এই ম্যাচে কেবল একটি সাধারণ জয় যথেষ্ট নাও হতে পারে।
ফ্রান্স এবং নরওয়ের কাছে টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের সন্ধিক্ষণে ছিল আফ্রিকান দলটি। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে ইরাকের বিরুদ্ধে গোলবন্যা বইয়ে দিয়ে বিশ্বকাপে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ‘তেরেঙ্গানা লায়ন্সরা’।
কানাডার টরেন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেনেগাল।
ম্যাচের শুরুতে বড় ধাক্কা খায় এশিয়ান পরাশক্তি ইরাক। ম্যাচের ১৩তম মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের এক খেলোয়াড়। ১০ জনের দলে পরিণত হওয়া ইরাকের ওপর এরপর চড়াও হয় সেনেগাল।
দলের পক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক জোড়া গোল করেন পাপে থিয়াও। এ ছাড়া, ইরাকের জালে বাকি তিনটি বল পাঠান ইসমাইলা সার, হাবিব দিয়ারা ও ইলিম্যাম এনদিয়ায়ে। পুরো ম্যাচ জুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এই বড় জয় তুলে নেয় আফ্রিকান জায়ান্টরা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে এই বড় জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় স্থানে থাকা দলগুলোর টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করছে সেনেগাল। বিশ্বকাপে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে হলে তেরেঙ্গানা লায়ন্সদের এখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে।
অন্যদিকে, সেনেগালের কাছে এই বিধ্বংসী হারের মধ্য দিয়ে গ্রুপপর্বের সবকটি ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো ইরাকের।


