‘আ.লীগের সন্ত্রাস জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে’

‘আ.লীগের সন্ত্রাস জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে’
আওয়ামী লীগের কার্যালয়, ফাইল ফটো: উইকি
Advertisement
Advertisement

জুলাই অভ্যুত্থানের পর ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম’ জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার এ সংক্রন্ত জারি করা প্রজ্ঞাপনের ব্যাখ্যায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত প্রায় ১৫ বছর বিশেষ করে গতবছরের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানকালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে হামলা গুম, খুন, অমানবিক নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ ও মানবতাবিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে।’

‘উল্লিখিত অপরাধসমূহের অভিযোগে উপরোক্ত সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের ফৌজদারি আদালতে বহুসংখ্যক মামলা বিচারাধীন রয়েছে,’ যোগ করা হয় এতে।

আরো বলা হয়, ‘এ সকল মামলার বিচারে প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং সংগঠনগুলো কর্তৃক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী  ছাত্র-জনতার বিরুদ্ধে হামলা ও উসকানি প্রদান সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত করা হচ্ছে।’

আরও পড়ুন

‘এতে বিশেষ করে দায়েরকৃত মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতির সঞ্চার হয়েছে ও এভাবে বিচার এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে গতকালের (সোমবার) প্রজ্ঞাপনটি জারি করা হয়,’ উল্লেখ করা হয় বিবৃতিতে।

সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জারি করা হয় এ এই প্রজ্ঞাপন।

এ আইন ও প্রজ্ঞাপনে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ’ ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা-কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad