অভিনেতা যাহের আলভীর সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে আত্মহত্যা করেছেন তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা—এমন অভিযোগ তুলেছে ইকরার পরিবার। তাদের দাবি, অভিনেত্রী ইফফাত আরা তিথিসহ আরও একাধিক নারীর সঙ্গে আলভীর সম্পর্কের বিষয়টি জানার পর থেকেই ইকরা-আলভীর দাম্পত্যে অশান্তি চরমে ওঠে। দীর্ঘদিনের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে স্বজনদের দাবি।
এ ঘটনায় আলভী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে বিচার দাবিতে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আয়োজক মডেল বারিশা হক জানিয়েছেন, বুধবার (৪ মার্চ দুপুর) ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) গেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ইকরার মৃত্যুর ঘটনায় যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার ঢাকার পল্লবী থানায় মামলাটি করেন ইকরার বাবা কবির হায়াত খান। বিষয়টি নিশ্চিত করেছেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলার এজাহারে মানসিক নির্যাতন, অপমান এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে আলভী-ইকরার বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির প্ররোচনায় ইকরার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হতো। প্রায় দুই বছর আগে স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর দাম্পত্য কলহ তীব্র হয়।
মামলায় আরও বলা হয়েছে, ইকরাকে নিয়মিত অপমান করা হতো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়া হতো। ঘটনার আগের দিন, ২৭ ফেব্রুয়ারি, এক নারীর সঙ্গে আলভীর ছবি পোস্টকে কেন্দ্র করে ইকরা গভীর মানসিক কষ্টে ভুগছিলেন বলে পরিবারের দাবি।
২৮ ফেব্রুয়ারি দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারকে জানানো হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


