জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন। এনসিপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি নির্বাচন কমিশনের অনুমোদনের পর তার ভোটার এলাকা ঢাকা-৮ আসনে স্থানান্তর করা হয়।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এ আবেদন করেন নাসীরুদ্দীন। আবেদনটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন করে নির্বাচন কমিশন।
এর ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক।


