বিশ্বকাপ ফুটবলের উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সমর্থক। এ ছাড়া পতাকাটির সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।
তিনি জানান, গত বৃহস্পতিবার উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় টাঙানো আর্জেন্টিনার পতাকাটি চুরি হয়।
এ ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর টুটুল সিকদার নামে এক সমর্থক সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি থেকে জানা যায়- ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে তদন্ত কেন্দ্রে জিডি করা হয়।
টুটুল সিকদার বলেন, ‘অনেক পরিশ্রম করে টাকা পয়সা তুলে পতাকাটি আমরা বানিয়েছিলাম। যে এটি চুরি করেছে, তার শাস্তি দাবি করছি। পতাকা হারানোর কারণে ক্লাবের অন্য সদস্যরাও ব্যথিত হয়েছেন। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পতাকার জন্য টাকা দিয়েছিলেন কেউ কেউ। তাই এই কাজ যারা করেছেন তাদের উপযুক্ত শাস্তি দরকার। পতাকাটি কেউ পেলে তাকে ১০ হাজার টাকা দেওয়া হবে।’
এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘এই বিষয়ে সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


