জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে প্রসিকিউটর মিজানুল ইসলাম এই দাবি জানান। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি গ্রহণ করে।
যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি বলেন, ‘আনীত অভিযোগ সাক্ষ্য ও নথিপত্রের আলোকে আমরা প্রমাণ করতে পেরেছি বলে মনে করি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আমিনুল গণি টিটো ও সালাউদ্দিন রিগ্যান। শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
এই মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ২৪ জন এখনো পলাতক।
প্রসিকিউশনের পক্ষে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। কারাগারে থাকা আসামিরা হলেন এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। আসামিপক্ষে কোনো সাক্ষী নেই।
আদালত সূত্র জানায়, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা মামলার কার্যক্রমে অংশ নিয়েছেন। এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় গত বছরের ৬ আগস্ট, সেদিন ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। তার আগে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় এবং ২৭ আগস্ট প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করে।


