নয় বছর আগে রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির মামলায় মোবারক হোসেন মোহন নামের এক আইনজীবীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিনা আক্তার। এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মোহন ঢাকা আইনজীবী সমিতির সদস্য। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ফোরকান।
মামলার বিবরণে জানা যায়, মোবারক হোসেন মোহন ভুক্তভোগী নারীর চাচাতো ননদের স্বামী। তারা ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার পৃথক কক্ষে বসবাস করতেন। এই সুবাদে মোবারক বিভিন্ন সময়ে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়াসহ নানা অঙ্গভঙ্গি করতেন। বিষয়টি ওই নারী তার স্বামীকে জানালেও লোকলজ্জার ভয়ে তিনি তা কারও কাছে প্রকাশ করেননি। পরে ২০১৭ সালের ২০ আগস্ট রাতে বাসার রান্নাঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। ঘটনার দিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর ওয়ারী থানার এসআই হারুন অর রশীদ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।


