খুলনা নগরের চানমারি এলাকায় অভিযান চালিয়ে খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের দুই সদস্যকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। বুধবার রাত সাড়ে তিনটার দিকে তাদেরকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ছাহিল মাহমুদ (২৫) চানমারি বাজার এলাকার বাসিন্দা এবং অপরজন শাহাদাত হোসেন শুভ (২৩) লবনচরা মোহাম্মদিয়া পাড়া এলাকার বাসিন্দা।
এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, রাত সাড়ে তিনটার দিকে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরের আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোনসহ ওই দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তারা ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিক গ্রুপের সক্রিয় সদস্য।
তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হয়েছে।


