চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শী ও জেলা আইনজীবী সমিতির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ শরীফের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতে বিচারক ফজলে খোদা মো. নাজিরের আদালতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মোহাম্মদ শরীফকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
নিরাপত্তাজনিত কারণে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে সরাসরি আদালতে হাজির না করে ভার্চুয়ালি যুক্ত করা হয়। শুনানিতে তার আইনজীবী সাক্ষীকে জেরা করার জন্য সময় চেয়ে আবেদন করেন। এর আগে মামলার দুই সাক্ষীকে জেরা করেননি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। বৃহস্পতিবারও জেরা না করে সময়ের আবেদন জানান তিনি।
অন্যদিকে, মামলার আসামি রাজীব ভট্টাচার্য কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করেন। আদালতে তিনি নিজেই জেরা পরিচালনা করবেন বলে জানান। এর আগেও মামলার অন্য দুই সাক্ষীকে তিনি নিজে জেরা করেছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে সাতজনকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়। শুনানি চলাকালে ডান্ডাবেড়ি খুলে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানান আসামিরা। বিচারিক কার্যক্রম শেষে তাদের আবার জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় আদালত চত্বরের বাইরে আসামিদের স্বজনদের উপস্থিতি দেখা যায়।
আদালতে সাক্ষ্য গ্রহণ ও শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পক্ষে নিয়োজিত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের বিক্ষোভ ও সংঘর্ষের সময় এ হত্যাকাণ্ড ঘটে। রঙ্গম কনভেনশন সেন্টার ও আদালত চত্বর এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া ভাঙচুর ও বিস্ফোরক আইনে আলাদা মামলা করা হয়।
২০২৫ সালের ২৫ আগস্ট চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত।
আগামী ২৬ নভেম্বর নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এর চার দিন পর, ৩০ নভেম্বর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।


