কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার থেকে শিক্ষার্থীদের পরীক্ষার হলে ডিউটিতে অংশ নেওয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন তারা।
বৃহস্পতিবার রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ যৌথভাবে এই ঘোষণা দিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো।
আগামী রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে।cপরীক্ষা শেষ হওয়ার পর দুই সংগঠনের আলোচনার মাধ্যমে পরবর্তী কমসূচি দেওয়া হবে।
৪ শিক্ষক নেতাসহ ৪২ জনকে বদলি
বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের বদলির আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নোয়াখালি থেকে পাশ্ববর্তী লক্ষীপুর জেলায় বদলি করা হয় তাকে। তার বদলির আদেশ আসার কিছুক্ষণ পরেই প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আরও তিনজন আহ্বায়কসহ মোট ৪২ জন শিক্ষকের নামে বদলির আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ৪২ সহকারী শিক্ষককে বদলির অনুমতি দেওয়া হলো। তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, সবাইকেই আগের কর্মস্থল থেকে পাশের জেলায় নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বদলির বিষয়ে কোনো দুঃখ নেই বলে জানান ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
তিনি টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সারা দেশের শিক্ষকরা যে ত্যাগ স্বীকার করেছেন, শিক্ষকদের তিন দাবি পূরণ হলেই তা সার্থক হবে। শাহবাগের কর্মসূচিতে পুলিশের হামলায় এখনো অনেক শিক্ষক চিকিৎসাধীন। সবাই যেন তাদের আহত সহকর্মীদের পাশে থাকেন।’
প্রসঙ্গত, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ম ও ১৬তম বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির নিশ্চয়তা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।


