আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংস্কারকৃত বিচার কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার বিকালে এই বিচারকক্ষ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য বিচারকরা।
এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এএসএম রুহুল ইমরান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানসহ অন্যান্য প্রসিকিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের লিফট উদ্বোধন করেন।
পতিত আওয়ামী লীগের শাসনামলের গুম-খুনসহ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার পুনর্গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম মূল ভবনে চললেও এতদিন ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে চলেছে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম। সংস্কারকাজ শেষে উদ্বোধনের পর এখন থেকে নতুন বিচারকক্ষে চলবে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ।


