আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে কার্লো আনচেলত্তির করা মন্তব্যকে পাত্তা দিলেন না দলটির কোচ লিওনেল স্কালোনি। মাঠের বাইরের এই আলোচনাকে এক পাশে সরিয়ে রেখে তিনি জোর দিয়ে বলেছেন, তার সমস্ত মনোযোগ এখন কেবলই অস্ট্রিয়া ম্যাচ এবং আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের ওপর।
‘জে’গ্রুপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ভাগ্যনির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন স্কালোনি। এই মুহূর্তে দুটি দলের সংগ্রহ সমান ৩ পয়েন্ট। তবে বর্তমান চ্যাম্পিয়নদের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ এখনো তাদের নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে এবং অন্য ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও আছে স্কালোনির শিষ্যদের সামনে।
সম্প্রতি ব্রাজিলের ডাগআউটে থাকা রিয়াল মাদ্রিদের সাবেক গুরু আনচেলত্তির কিছু মন্তব্য আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়। ইতালিয়ান এই কোচ আর্জেন্টিনার খেলার তীব্রতা বা গতি নিয়ে প্রশ্ন তুললেও দলটিকে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে গণ্য করেছেন।
তবে এই আলোচনাকে কোনো ধরনের প্রকাশ্য দ্বন্দ্বে রূপ দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান শান্ত স্বভাবের স্কালোনি। আনচেলত্তির মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘সে কী বোঝাতে চেয়েছে তা আমি বুঝতে পেরেছি। সে ইতিবাচকভাবেই কথাটি বলেছে, নিশ্চিতভাবে খারাপ কিছু বলেনি। সমস্যা হলো, সে যখন কথা বলে, তখন স্প্যানিশ, ইতালিয়ান আর পর্তুগিজ ভাষার একটা মিশ্রণ তৈরি হয়। যদি নিজের মাতৃভাষায় কথা বলত, তবে হয়তো আমরা সবাই তার কথা আরও ভালোভাবে বুঝতে পারতাম।’
প্রতিপক্ষ কোচের প্রতি সম্মান রেখে স্কালোনি আরও বলেন, ‘আমি তার মন্তব্যকে সমালোচনার চেয়ে বরং প্রশংসা হিসেবে দেখছি এবং এই ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত।’
আনচেলত্তি মূলত ইঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনা খুব একটা উচ্চ গতি বা তীব্রতা নিয়ে ফুটবল খেলে না, যদিও ম্যাচের ওপর তাদের নিয়ন্ত্রণের প্রশংসা করেছেন তিনি। একই সঙ্গে এই টুর্নামেন্ট কোনো একক তারকা নির্ধারণ করে দেবে কি না–তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই বিতর্ককে আর টেনে নিতে একদমই আগ্রহী নন স্কালোনি।
আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় এবং গ্রুপের অন্য ম্যাচে আলজেরিয়া যদি জর্ডানের কাছে হেরে না যায়, তবে স্কালোনির দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে।
অন্যদিকে, হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা নিজেদের গ্রুপের মিশন শেষ করবে। নকআউট পর্বে পৌঁছানোর জন্য তাদের মাত্র এক পয়েন্ট প্রয়োজন, তবে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আরও জোরালো হবে সেলেসাওদের।


