রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার আইনজীবী ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন দায়ের করেন। তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর বিষয়ে তদন্ত, বিচার ও প্রতি শিশুর অভিভাবককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়েছে। শিশু মৃত্যুর বিষয়ে তদন্ত, বিচার ও প্রতিটি শিশুর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রিট করা হয়েছে। রিটটি সোমবার শুনানি হতে পারে।
গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।


