আগামী সপ্তাহেই গণভোট আইন: আসিফ নজরুল

আগামী সপ্তাহেই গণভোট আইন: আসিফ নজরুল
সংবাদ সম্মেলনে কথা বলছেন আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

আগামী সপ্তাহেই সরকার গণভোট আইন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক গণভোট আইন সম্পর্কে জানতে চান।

জবাবে উপদেষ্টা বলেন, ‘গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই সপ্তাহেই করে ফেলব। আজকে তো বৃহস্পতিবার, ধরেন আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।’

ঠিক এক সপ্তাহ আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চারটি বিষয়ের ওপর করা প্রশ্নের বিপরীতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

আরও পড়ুন

যেহেতু দেশের সংবিধানে গণভোটের বিষয়টি উল্লেখ নেই তাই এজন্য আলাদা আইন করতে হচ্ছে সরকারকে।

শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গ

ভারতের আশ্রয়ে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত আনতে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার কথা ভাবছে বলেও জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত আনার বিষয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারি কি না-তা নিয়ে শিগগিরই একটি বৈঠক করব।’

‘শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য সরকার ভারতকেও একটি চিঠি পাঠাবে। তারা দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) কর্তৃক মানবতা বিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।’

তারা যেহেতু এখন দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই ন্যায়বিচারের স্বার্থে তাদের ফেরত পাঠানো ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমরা ভারতকে তাদের প্রত্যর্পণ চুক্তির অধীনে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং সে কারণেই এই চিঠি পাঠানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad