জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে জাতি পরিবর্তন চায়। এই পরিবর্তনটা যারা একবার খেলেছে (ক্ষমতায় ছিল), তাদের দিয়ে হবে না।
তিনি বলেন, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।
সোমবার খুলনা-৫ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন গোলাম পরওয়ার।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
গোলাম পরওয়ার জানান, আটদলীয় ইসলামী জোটের সঙ্গে নতুন করে দুটি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সম্পৃক্ত হওয়ায় আসন সমঝোতা এখনো হয়নি। মনোনয়ন প্রত্যাহারের আগেই আসন সমঝোতা হয়ে যাবে। তবে ১০ দলের ঐক্যের ব্যাপারে ষড়যন্ত্র হতে পারে ও মিস প্রপাগান্ডা হতে পারে।
হিন্দু সম্প্রদায়ের লোক যেন দাঁড়িপাল্লায় ভোট না দেয়, সেজন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ এর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ও খুলনা-৬ আসনের আবুল কালাম আজাদ।


