তর্কের জেরে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে হামলা

তর্কের জেরে কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে হামলা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধায় এক সঙ্গে তিন কিশোর পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে রাহাত (১৫) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর সপরিবারে পলাতক রয়েছে।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত রাহাত হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে গাটু নামে চেনেন। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকাল ৫টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫) নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুইজনে মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয়।

ঘটনার পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায়। স্থানীয়রা রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের খবরে নিহতের বাড়িতে পুলিশ গেলে নিহতের পরিবার পুলিশের কাছে অভিযোগ করেন।

আরও পড়ুন

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের পরিবার এখনো থানায় কোন অভিযোগ করেননি।

এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর করেছে নিহতের স্বজনরা। স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৮ টার দিকে নিহত কিশোরের স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ সময় বিক্ষুব্ধরা ঘরের ভিতরে ঢুকে থালা-বাসনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়।
পরে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad