আসন্ন আকু বিল পরিশোধের আগে বৈদেশিক মুদ্রাবাজার থেকে ৮ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে তিনটি ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। এতে মঙ্গলবার দিন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে গ্রস হিসাবে ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আগামী সপ্তাহে মার্চ ও এপ্রিল মাসের আকু বিল পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগেই বাজারে তারল্য সামঞ্জস্য রাখতে গত দুই দিনে মোট ৮ কোটি ডলার কেনা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৫ কোটি এবং আগের দিন ৩ কোটি ডলার কেনা হয়, একই বিনিময় দরে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫৭৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে শুধু চলতি মাসেই কেনা হয়েছে ৮ কোটি ডলার।
ডলার কেনার আগে গত রোববার দিন শেষে বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার, আর গ্রস হিসাবে ছিল ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলার।
এর আগে গত ২ মার্চ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। পরে ১৫ এপ্রিল সেই দর বাড়িয়ে ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়। এই দরে এখন পর্যন্ত তিন দফায় বাজার থেকে ডলার কেনা হয়েছে।
সবশেষ মার্চ মাসে আকু বিল পরিশোধে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।
এদিকে, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে মঙ্গলবার ডলার লেনদেনের সর্বোচ্চ দরও ছিল ১২২ টাকা ৭৫ পয়সা। আগের দিন এই দরে ব্যাংকগুলোর মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি ডলার কেনাবেচা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


