জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেওয়ার দিন ধার্য থাকলেও আদালত আদেশ দেয়নি।
আগামীকাল বুধবার আদেশ দেওয়ার নতুন দিন ধার্য করা হবে।অভিযোগ গঠনের শুনানি শেষে ২৩ এপ্রিলের সিদ্ধান্তে ৫ মে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল।
১৯ এপ্রিল অভিযোগ গঠনের স্বপক্ষে শুনানি করে প্রসিকিউশন।
প্রসিকিউশনের দাবি, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে অস্ত্র হাতে নিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। ছাত্র-জনতাকে হত্যার জন্য পুরো পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। তিনি নিজেও অস্ত্র হাতে গুলি করেছেন।
প্রসিকিউশন এ মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমতি নিয়ে নিজের সশস্ত্র বাহিনী তথা এ মামলার ১১ আসামিকে সঙ্গে নিয়ে শামীম ওসমান নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডে মেতে ওঠেন বলেও দাবি করেছে প্রসিকিউশন।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তবে আসামিরা সবাই পলাতক।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধে তিনটি অভিযোগ আনা হয়।


