মিয়ানমারে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে চিকিৎসা সহায়তা বিজিবির

মিয়ানমারে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে চিকিৎসা সহায়তা বিজিবির
আহত রোহিঙ্গা মো. আইয়ুব।
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গাকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ নাফ নদীসংলগ্ন টেকনাফের ছোটবিল পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, গুলিবিদ্ধ অবস্থায় মো. আইয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা ছোটবিল পোস্টের কাছে উপস্থিত হন। তিনি উখিয়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪-ব্লকের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, গত ৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বগারদিয়া এলাকায় গেলে আরাকান আর্মির সদস্যরা তাকে গুলি করে। পরে আহত অবস্থায় তিনি সীমান্ত এলাকায় ফিরে আসেন।

আরও পড়ুন

বিজিবির সহযোগিতায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ না করার জন্য স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের মধ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad