ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর কৃতিত্ব দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণেই এবারের নির্বাচন প্রশংসিত হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে। সেজন্য আমি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’
জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ যে অবস্থায় গিয়েছিল, সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই অবস্থার পরিবর্তন হয়েছে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সেজন্য সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোন দুর্নীতি হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ দেওয়া হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ অন্যরা।
উপদেষ্টা এর আগে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে উপদেষ্টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।


