অর্থ আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে ৪ মামলা

অর্থ আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ পরিবারের বিরুদ্ধে ৪ মামলা
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামে কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ এসব মামলা করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক সুবেল আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক মালিকানাধীন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর বিভিন্ন শাখা থেকে চারজন কৃষককে ব্যবসায়ী হিসেবে দেখিয়ে ভুয়া হিসাব খুলে কোটি কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাৎ করা হয়।

চারটি মামলার মধ্যে দুটি মামলায় প্রধান আসামি করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানকে। প্রতিটি মামলায় আসামি হিসেবে রয়েছেন জাবেদের ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আসিফুজ্জামান চৌধুরী এবং ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ।

এছাড়া জাবেদের বোন রোকসানা জামান চৌধুরীকে দুটি মামলায় আসামি করা হয়েছে।

আরও পড়ুন

একটি মামলায় অভিযোগ করা হয়েছে, ইউনুস নামে এক কৃষককে ব্যবসায়ী সাজিয়ে ‘ইউনাইটেড ট্রেডিং’ নামে প্রতিষ্ঠানের নামে ভুয়া তথ্য ও সইবিহীন কাগজে ব্যাংক হিসাব খোলা হয়। ওই হিসাব থেকে ৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা ঋণ তুলে আত্মসাৎ করা হয়।

আরেক মামলায় নুরুল বশর নামে এক কৃষককে ‘বশর ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ৮ কোটি টাকা ঋণ নেওয়া ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সাবেক মন্ত্রীসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায় ফরিদুল আলম নামে এক কৃষকের নামে ‘ইউনিক এন্টারপ্রাইজ’ দেখিয়ে ৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। চতুর্থ মামলায় আইয়ুব নামে এক কৃষককে ‘মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ’-এর মালিক দেখিয়ে ৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সব মামলাতেই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এসব ব্যাংক হিসাব খোলা হয় ভুয়া মোবাইল নম্বর ও সইবিহীন কাগজপত্র ব্যবহার করে।

দুদক কর্মকর্তা সুবেল আহমেদ জানান, মামলাগুলো দণ্ডবিধির কয়েকটি ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad