জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসকরা পুলিশের গুলিতে আহতদের বাঁচাতে নিজেদের জীবনবাজি রেখে সেবা দিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসক গণসমাবেশ করেন সর্বস্তরের চিকিৎসক। এ সময় শহীদ মিনারের সিঁড়িতে বিভিন্ন প্ল্যাকার্ড রেখে নানা দাবি তুলে ধরেন তারা।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর হলেও অন্তবর্তী সরকার সেই সব চিকিৎসকদের অবদানের জন্য কোনো কিছুই করেনি। উল্টো অবহেলিত হচ্ছে চিকিৎসাসেবা।’
সরকারের নিয়ন্ত্রণ না থাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লাইসেন্সবিহীন বেসরকারি ভুয়া ক্লিনিক। সেখানে রোগীরা প্রতিনিয়ত মৃত্যুর শিকার হচ্ছেন, অভিযোগ করেন তারা।
জুলাই অভ্যুত্থানে এক বছরে চিকিৎসায় অবদান রাখার জন্য চিকিৎসকরা অন্তত ধন্যবাদ আশা করতে পারে। একই সঙ্গে সরকারকে চিকিৎসাসেবা উন্নত ও মজবুত রাখার আহ্বান জানান তারা।


