লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার লেবাননের সংবাদমাধ্যম ‘লরিয়েন্ট টুডে’ এই তথ্য নিশ্চিত করেছে।
হামলায় এক সিরীয় নাগরিকসহ মোট তিনজন প্রাণ হারিয়েছেন।
দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জেবদিন গ্রামের একটি বাড়িতে দখলদার ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, গত রোববার এই হামলা চালানো হয়।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অমান্য করে দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস করে চলেছে। হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক স্থাপনা ও নাগরিকদের ওপরও তারা লক্ষ্যভেদ করছে।
ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। সোমবারও তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।


